• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র

ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৬:০৭
  • ১৮

---

ইবি রিপোর্ট 

আর্থিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বড় ধরনের মূলধন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির অনুমোদিত মূলধন পাঁচ গুণ বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে পরিকল্পনাটি কার্যকর করতে এখনো কয়েকটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন।

বর্তমানে ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন রয়েছে ২ হাজার কোটি টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেটি বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা নির্ধারণ করতে চায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। গত ৪ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই প্রস্তাবে অনাপত্তি জানিয়েছে। বর্তমানে ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৬০৯ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত করপোরেট ঘোষণায় বিষয়টি বিস্তারিত জানানো হয়েছে। ঘোষণায় বলা হয়, স্মারকলিপি ও সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধন আনার মাধ্যমে সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের ছাড়পত্র পেলেও প্রক্রিয়াটি এখনো সম্পূর্ণ হয়নি। অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পাশাপাশি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসিম। তিনি বলেন, “আমরা বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদিত মূলধন বাড়ানোর ছাড়পত্র পেয়েছি। এ ধরনের আবেদন করার অন্যতম উদ্দেশ্য হলো, ব্যাংকের খেলাপি ঋণ বৃদ্ধির কারণে ব্যাপক মূলধন ঘাটতি তৈরি হয়েছে। নতুন করে মূলধন যুক্ত হলে ব্যাংকের ঘাটতি কমে আসবে এবং ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ সূচকটি শক্তিশালী হবে।”

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাবে অনাপত্তি দেওয়াই কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। তালিকাভুক্ত প্রতিষ্ঠান হওয়ায় ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়ায় যুক্ত থাকবে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ওই কর্মকর্তা আরও জানান, অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকা হলে নির্দিষ্ট মূলধনসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। নিয়ম অনুযায়ী, সাবস্ক্রাইবড ক্যাপিটাল কমপক্ষে ৫ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন অন্তত ২ হাজার ৫০০ কোটি টাকা হতে হবে।

তবে বর্তমান শেয়ারবাজারের পরিস্থিতিতে আইপিও কিংবা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে অর্থ সংগ্রহ কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় সরকার সরাসরি মূলধন দিতে পারে অথবা রাইট শেয়ার ইস্যুর উদ্যোগ নেওয়া হতে পারে।

ইসলামী ব্যাংকের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, বর্তমানে ব্যাংকটির প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের প্রায় ৮২ শতাংশ শেয়ার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। নামে-বেনামে থাকা এসব শেয়ার আদালতের নির্দেশে বর্তমানে জব্দ রয়েছে।

ওই কর্মকর্তা বলেন, পরিশোধিত মূলধন বাড়লে মোট শেয়ারের তুলনায় জব্দ থাকা শেয়ারের মালিকানার অনুপাত কমে আসবে। তবে নতুন শেয়ার বিক্রির ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি করতে হবে। যাতে কোনো প্রতিষ্ঠান ছদ্মনাম বা বেনামে নতুন শেয়ার কিনে ব্যাংকটিতে প্রবেশ করতে না পারে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্তে এস আলম গ্রুপের শেয়ার অধিগ্রহণের তথ্য উঠে এসেছে। তদন্ত অনুযায়ী, ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে চট্টগ্রামভিত্তিক এই শিল্পগোষ্ঠী ২২ জন প্রক্সি শেয়ারহোল্ডার ব্যবহার করেছিল। পাশাপাশি সন্দেহভাজন কয়েকটি কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকটির ৭২ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণে নেয়।

ইসলামী ব্যাংকের আর্থিক পরিস্থিতি

মূলধন বাড়ানোর উদ্যোগের পেছনে ব্যাংকটির আর্থিক পরিস্থিতিও বড় একটি বিষয়। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটি বড় অঙ্কের নিট লোকসানের মুখে পড়েছে।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে ইসলামী ব্যাংকের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩ হাজার ৩০৩ কোটি টাকা। অথচ আগের বছরের একই সময়ে ব্যাংকটি প্রায় ৭৯ কোটি টাকা মুনাফা করেছিল।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে, অর্থাৎ জুলাই–সেপ্টেম্বরে ব্যাংকটির লোকসান হয়েছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা।

সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর মধ্যে ১ লাখ ৬ হাজার কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। অর্থাৎ মোট ঋণের অর্ধেকেরও বেশি বর্তমানে অনাদায়ী রয়েছে।

এ ছাড়া ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকা।

প্রায় সাত বছর ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল এস আলম গ্রুপ। ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গোষ্ঠীটির প্রভাব বাড়তে শুরু করে। এরপর থেকেই প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার অবনতি ঘটে।

২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এস আলম গ্রুপ নিজস্ব প্রতিষ্ঠান ও ছায়া কোম্পানির মাধ্যমে ব্যাংকটি থেকে প্রায় ৮৮ হাজার কোটি টাকা সরিয়ে নেয়। এসব ঋণের বড় অংশ পরবর্তী সময়ে খেলাপিতে পরিণত হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় এস আলম গ্রুপ। অন্তর্বর্তী সরকারের সময়ে স্বতন্ত্র পরিচালকেরা ব্যাংকটির পরিচালনার দায়িত্ব পান। বর্তমানে ব্যাংকটির দায়িত্বে রয়েছে বাংলাদেশ ব্যাংক।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22181 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 08:20:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh