• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ইইউতে পোশাক রপ্তানি প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে স্পেন থেকে

ইইউতে পোশাক রপ্তানি প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে স্পেন থেকে

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৬:০৩
  • ২২

---

ইবি রিপোর্ট 

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়লেও প্রবৃদ্ধি এসেছে মূলত একটি দেশ থেকে। চলতি অর্থবছরের প্রথম চার মাসের রপ্তানি বৃদ্ধির প্রায় ৯৮ শতাংশই এসেছে স্পেনের বাজার থেকে। বিপরীতে, জার্মানিতে রপ্তানি প্রায় স্থবির এবং ফ্রান্সে উল্লেখযোগ্য হারে কমেছে।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের সংকলিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যানে এমন চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, ২০২৬–২৭ অর্থবছরের জুলাই–অক্টোবরে ইইউতে পোশাক রপ্তানি হয়েছে ৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৬ দশমিক ২৬ বিলিয়ন ডলার। সেই হিসাবে চার মাসে রপ্তানি বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ।

ইউরোপীয় ইউনিয়নের বাজারে মোট রপ্তানি বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে ১৭৪ দশমিক ৫১ মিলিয়ন ডলার। এর মধ্যে স্পেনের বাজার থেকেই এসেছে ১৭০ দশমিক ৫৬ মিলিয়ন ডলারের প্রবৃদ্ধি। ফলে জোটটির সামগ্রিক রপ্তানি বৃদ্ধির প্রায় ৯৮ শতাংশ স্পেনের অবদান।

গত বছরের একই সময়ের ১ দশমিক ২৮ বিলিয়ন ডলারের তুলনায় স্পেনে রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৩৬ শতাংশ। চলতি বছরের প্রথম চার মাসে দেশটিতে রপ্তানি দাঁড়িয়েছে ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে।

এদিকে, ২২ দশমিক ৫১ শতাংশ বাজার হিস্যা নিয়ে জার্মানিকে পেছনে ফেলেছে স্পেন। বর্তমানে দেশটি ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের বৃহত্তম পোশাক রপ্তানি গন্তব্য। অন্যদিকে, জার্মানিতে রপ্তানি মাত্র ০ দশমিক ০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে। দেশটির বাজার হিস্যা কমে হয়েছে ২২ দশমিক ৩৭ শতাংশ।

অন্যান্য বাজারের মধ্যে নেদারল্যান্ডসে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। দেশটিতে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৭৮৪ দশমিক ৫৭ মিলিয়ন ডলার। পোল্যান্ডে রপ্তানি ২ দশমিক ৮৫ শতাংশ বেড়ে হয়েছে ৫৪৫ দশমিক ৯১ মিলিয়ন ডলার।

তবে ফ্রান্সের বাজারে রপ্তানি কমেছে ৭ দশমিক ৮৭ শতাংশ। দেশটিতে পোশাক রপ্তানির পরিমাণ নেমে এসেছে ৬১১ দশমিক ১০ মিলিয়ন ডলারে। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য বাজারেও সম্মিলিত রপ্তানি কমেছে ১ দশমিক ৩৪ শতাংশ। এসব বাজারে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৬০ বিলিয়ন ডলার। অন্যদিকে, শীর্ষ পাঁচটি গন্তব্যে গেছে ইইউতে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ৭৫ শতাংশ।

শুধু অক্টোবরের হিসাবেও প্রবৃদ্ধির গতি ছিল তুলনামূলক কম। ওই মাসে ইইউতে পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। জার্মানিতে ০ দশমিক ৫৯ শতাংশ প্রবৃদ্ধিতে রপ্তানি হয়েছে ৩১৫ দশমিক ৭২ মিলিয়ন ডলার। স্পেনে রপ্তানি ১১ দশমিক ৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ দশমিক ২০ মিলিয়ন ডলারে। বিপরীতে, ফ্রান্সে রপ্তানি ১৫ দশমিক ২২ শতাংশ কমে হয়েছে ১৬১ দশমিক ৬৯ মিলিয়ন ডলার।

খাতসংশ্লিষ্ট নেতারা বলছেন, বাংলাদেশের এলডিসি উত্তরণ সামনে রেখে ইউরোপীয় ক্রেতারা বিকল্প সরবরাহকারী খুঁজছেন। এতে ভবিষ্যতে বাজার ধরে রাখার প্রতিযোগিতা আরও বাড়তে পারে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশ ধীরে ধীরে অবস্থান হারাচ্ছে। এর পেছনে ক্রেতাদের বিকল্প উৎস থেকে পণ্য সংগ্রহের প্রবণতা কাজ করছে।

তিনি জানান, ইউরোপীয় ক্রেতারা ভারতে পণ্য সংগ্রহের সক্ষমতা বাড়াচ্ছেন। তাদের ধারণা, ভারত শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক বাজার সুবিধা ধরে রাখতে পারবে। অন্যদিকে, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশকে উচ্চ শুল্কের মুখোমুখি হতে হতে পারে। ফলে ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার পণ্যের সীমিত বৈচিত্র্যকে আরেকটি বড় বাধা হিসেবে দেখছেন। তাঁর মতে, বাংলাদেশ এখনো তুলাভিত্তিক পোশাক উৎপাদনের ওপর বেশি নির্ভরশীল। অথচ চীন ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশ কৃত্রিম তন্তুর পোশাক উৎপাদনে এগিয়ে রয়েছে। ফলে তারা ক্রেতাদের বিভিন্ন ধরনের চাহিদা পূরণে বাড়তি সক্ষমতা দেখাতে পারছে।

এম এ জব্বার মনে করেন, প্রতিযোগিতা বাড়াতে কৃত্রিম তন্তু এবং নতুন ধরনের পোশাক উৎপাদনে বিনিয়োগ প্রয়োজন। অন্যদিকে, স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্বত্বাধিকারী শোভন ইসলাম বাণিজ্য চুক্তি এবং সরবরাহব্যবস্থার স্বচ্ছতার ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, ‘এলডিসি-পরবর্তী বাজার সুবিধা নিয়ে অনিশ্চয়তা ক্রেতাদের বিকল্প উৎসের দিকে ঝুঁকতে প্ররোচিত করতে পারে। পাশাপাশি, ঋণের উচ্চ সুদহার, মূলধনের সীমিত প্রাপ্যতা এবং জ্বালানির ক্রমবর্ধমান মূল্য উৎপাদনকারীদের প্রতিযোগিতা-সক্ষমতাকে আরও দুর্বল করে দিচ্ছে।’

সর্বশেষ পরিসংখ্যানে স্পেন ও নেদারল্যান্ডসের বাজারে প্রবৃদ্ধি দেখা গেলেও সামগ্রিক পরিস্থিতি এখনো নাজুক। জার্মানিতে স্থবিরতা এবং ফ্রান্সসহ অন্যান্য বাজারে রপ্তানি কমেছে। সংশ্লিষ্টদের মতে, ইউরোপে রপ্তানি ধরে রাখতে উন্নত বাণিজ্য চুক্তি প্রয়োজন। পাশাপাশি, পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং ইইউর পরিবর্তনশীল শর্ত পূরণেও কার্যকর উদ্যোগ নিতে হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22178 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 08:30:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh