![]()
ইবি রিপোর্ট
চলতি সপ্তাহের শেষ দিকে অথবা নভেম্বর মাসের শেষ নাগাদ বগুড়া সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী। এ সফরে করতোয়া নদী খনন এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করার কথা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। জেলার দীর্ঘদিনের উন্নয়ন ঘাটতি পূরণে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বগুড়ার মানুষকে প্রধানমন্ত্রী হৃদয়ে ধারণ করেন। এ সফরে করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধনের মধ্য দিয়ে জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন অগ্রগতি আসবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বগুড়ার উন্নয়নের জন্য ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। এ প্রকল্পের বরাদ্দ জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে বণ্টন করা হবে। ফলে প্রতিটি এলাকার উন্নয়ন কার্যক্রমে সমান সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টিও ইতোমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে বলে জানান মীর শাহে আলম। তাঁর ভাষ্য, প্রস্তাবটি পাস হলে জেলায় নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বগুড়ার সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ না করার আহ্বান জানান তিনি। জেলার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপরও জোর দেন প্রতিমন্ত্রী।
উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, মানুষের ধৈর্য কম থাকায় অনেক সময় অস্থিরতা তৈরি হয়। তবে উন্নয়ন তার নিজস্ব গতিতেই এগিয়ে যাবে। একসময় উন্নয়ন বগুড়ার মানুষকে খুঁজে নেবে বলেও মন্তব্য করেন তিনি।
বগুড়ার সাংবাদিকতা নিয়েও কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে বগুড়া একটি অনন্য অবস্থান তৈরি করেছে। সাংবাদিকতায় এ জেলা সমৃদ্ধ।
দৈনিক বগুড়ার প্রকাশক রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।