• হোম > দেশজুড়ে > হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাকবাহী গাড়ির ধাক্কা, নিহত ৩

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাকবাহী গাড়ির ধাক্কা, নিহত ৩

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৩:২৯
  • ১৭

---

ইবি রিপোর্ট

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ ডাক বিভাগের তিন কর্মী। ডাক ও পার্সেলবাহী একটি কাভার্ডভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিলে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে কাভার্ডভ্যানের চালক ও মেইল গার্ডসহ তিনজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কাভার্ডভ্যানের চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) এবং মো. রিপন মিয়া (২৩)।

নিহত জসিম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত খয়রুদ্দিনের ছেলে। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে। তিনি মাইনুদ্দিন মিয়ার ছেলে। অন্যদিকে নিহত রিপন মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকার বাসিন্দা। তার বাবার নাম সন্তুস শাব্দাকর।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে রাত ২টার দিকে ঢাকা অভিমুখে চলাচলকারী পাথরবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ট্রাকটির নিবন্ধন নম্বর চুয়াডাঙ্গা-ট-১১-০৫০৮। এর প্রায় আধা ঘণ্টা পর একই দিক থেকে আসছিল বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেল পরিবহনের একটি মাঝারি আকারের কাভার্ডভ্যান। ঢাকা মেট্রো-উ-১১-৮৪২৫ নম্বরের গাড়িটি দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, আহত অবস্থায় হাসপাতালে আনা হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনজনের মৃত্যু হয়েছিল।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান। তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর অংশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে ডাক বিভাগের মেইলবাহী কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22121 ,   Print Date & Time: Friday, 13 November 2026, 04:50:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh