![]()
ইবি রিপোর্ট
এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও দলটির নেত্রী ডা. মাহমুদা মিতু। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের বিএনপির ওপর কোনো ক্ষোভ নেই; বরং তাদের সব রাগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন মাহমুদা মিতু। নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে তিনি হামলার ঘটনা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান।
পোস্টে মাহমুদা মিতু লেখেন, “জুলাই আন্দোলনের সমন্বয়ক, এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে ৪টি পেট্রোল বোমা মারা হয়েছে। বাড়িঘর পুরোপুরি পুড়ে গেছে। একটা দুইটা বাড়ি পুড়লে, মানুষ মরলে কিছুই হয় না। স্বরাষ্ট্র মন্ত্রী আর উনাদের কী? বিএনপির উপরে লীগের তো কোনো রাগ নাই সব রাগ এন সিপির উপরে”।
বৃহস্পতিবার আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ছবি শেয়ার করেও একটি পোস্ট দেন মাহমুদা মিতু। সেখানে তিনি লেখেন, “ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে। আমাদের হাসি আজীবনের”।
হামলাকারীদের উদ্দেশে দেওয়া আরেকটি বার্তায় তিনি লেখেন, “কুকুরের মতো ঘেউঘেউই করতে পারবি। শেখ হাসিনার লাশ ও এ দেশে আসবে না। বরং প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ। বহু আগে বাড়িঘর, জীবনের মায়া ত্যাগ করছি আমরা”।
এর আগে বুধবার রাতে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ বিষয়ে নুসরাত নিজেই রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে হামলার তথ্য জানান।
নিজের পোস্টে তিনি লেখেন, বাড়িতে পেট্রলবোমা মারা হয়েছে। কারা এ হামলা চালিয়েছে, তা তিনি জানেন না বলেও উল্লেখ করেন। একই সঙ্গে আগুনের ঘটনায় তাঁর কণ্ঠরোধ করা যাবে—এমন ধারণা ভুল বলে মন্তব্য করেন তিনি।
নুসরাত আরও লেখেন, আগুনের পথ পাড়ি দিয়েও নিজের কাজ চালিয়ে যাবেন। তাঁর এই বক্তব্যের পর মাহমুদা মিতুও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হামলার প্রতিবাদ জানান এবং হামলাকারীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন।