• হোম > দেশজুড়ে > আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ, নজরদারিতে পুলিশ সুপার

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ, নজরদারিতে পুলিশ সুপার

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৩:১৭
  • ২৬

---

ইবি রিপোর্ট

পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে সরবরাহের অভিযোগ উঠেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ অভিযোগ খতিয়ে দেখতে তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁকে নজরদারিতে রাখা হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠে। বিষয়টি জানার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ডেকে পাঠান। পরে তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে তথ্য পাচারের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে চট্টগ্রামের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী একটি জাতীয় গণমাধ্যমকে বলেন, প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাঙ্গীর আলমকে ডাকা হয়েছিল। ঘটনাটি তদন্তে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

ডিআইজি জানান, গতকাল জাহাঙ্গীর আলমের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে এ নিয়ে বিস্তারিত কিছু বলা সমীচীন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলামও গণমাধ্যমটিকে জানান, গতকাল জাহাঙ্গীর আলমকে ডাকা হয়েছিল। তবে বিষয়টিকে জিজ্ঞাসাবাদ বলা যাবে না। তাঁর কাছ থেকে জব্দ করা দুটি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। পরীক্ষায় অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমটিকে বলেন, জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ-সংক্রান্ত একটি সূত্র পাওয়ার পর তাঁকে ডাকা হয়।

ওই কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে জাহাঙ্গীর আলমকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি দাপ্তরিক দায়িত্ব পালন করছেন। তবে তাঁকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।

এদিকে, এসপি জাহাঙ্গীর আলমের দুটি মোবাইল ফোন জব্দ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির কার্যক্রম চলছে। ফরেনসিক পরীক্ষার ফলাফল এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22115 ,   Print Date & Time: Friday, 13 November 2026, 04:24:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh