• হোম > দেশজুড়ে | মুন্সিগঞ্জ > মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজন

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজন

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৩:১৩
  • ৩০

---

ইবি রিপোর্ট

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ, হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজনসহ আহত হয়েছেন মোট ১০ জন। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের পিকআপ লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয়।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে এসব ঘটনা ঘটে। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লা এবং ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়।

সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজন হলেন দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেন (৪৮)। তাঁদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

এ ছাড়া সংঘর্ষে আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। একই সঙ্গে বিএনপি কর্মী রহিম মোল্লার সঙ্গে হোয়াটসঅ্যাপেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কারও কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি জানান, পুলিশের উপস্থিতির সময় পিকআপ লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে ওই এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে বলে জানান ওসি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22113 ,   Print Date & Time: Friday, 13 November 2026, 04:12:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh