![]()
ইবি রিপোর্ট
জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। তুরস্কে চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১) থেকে জলবায়ু অর্থায়নে ঋণের বদলে অনুদান, সবুজ কর্মসংস্থান এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবি তুলে ধরছে দেশটি।
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং কপ৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের ডেপুটি পার্টি হেড ড. মো. সাইমুম পারভেজ এসব কথা জানিয়েছেন। বুধবার (১২ নভেম্বর) সম্মেলন চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন।
ড. সাইমুম পারভেজ বলেন, কপ৩১-এ বাংলাদেশ কেবল নিজেদের জলবায়ু সংকটের চিত্র তুলে ধরছে না; বরং বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখতে চায়। এ ক্ষেত্রে জলবায়ু অর্থায়নে অনুদান, সবুজ কর্মসংস্থান সৃষ্টি, ন্যায্য জ্বালানি রূপান্তর এবং পরিবেশবান্ধব পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটিকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এ কারণে অভিযোজন, প্রশমন এবং লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জানাচ্ছে বাংলাদেশ।
জলবায়ু অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক হওয়া উচিত বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় এমন দেশগুলোর ওপর ঋণের বাড়তি বোঝা চাপানো ন্যায়সংগত নয়। এ বিষয়ে বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ), স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি) এবং বাংলাদেশ-ভুটান-নেপাল আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মিলিত দাবি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে।
কপ৩১-এ বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার ন্যায্য জ্বালানি রূপান্তর বা ‘জাস্ট ট্রানজিশন’ নিশ্চিত করা। ড. সাইমুম পারভেজ জানান, জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ব্যবস্থায় যাওয়ার পাশাপাশি বর্তমান শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা এবং নতুন সবুজ কর্মসংস্থান তৈরির লক্ষ্য রয়েছে সরকারের।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, মিথেন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, ঘূর্ণিঝড় ও বন্যার আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ, লবণসহিষ্ণু ফসল এবং ভাসমান কৃষির মতো কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে। এসব অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য অনুসরণযোগ্য হতে পারে।
বিশ্ববাজারে পাট ও বায়োডিগ্রেডেবল পণ্যের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও আলোচনা করছে বাংলাদেশ। ড. সাইমুম পারভেজ জানান, তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে বৈঠকে পাট ও প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্য আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ প্রতিনিধিদল।
এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে কারিগরি সহযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে। এসব পণ্য প্রদর্শন ও প্রচারের জন্য একটি বাংলাদেশি প্যাভিলিয়ন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে জাতীয় কার্বন বাজারের নীতিগত কাঠামো এবং কার্বন রেজিস্ট্রি প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। এর মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক কার্বন বাজার থেকে জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ তৈরি হতে পারে বলে আশা প্রকাশ করেন ড. সাইমুম পারভেজ।
বুধবার এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।