• হোম > আন্তর্জাতিক | বিদেশ > ট্যুরিস্ট ভিসা আর থাকছে না, নতুন নিয়ম আনছে ভারত

ট্যুরিস্ট ভিসা আর থাকছে না, নতুন নিয়ম আনছে ভারত

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৪
  • ১৮

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

বিদেশি পর্যটক ও নাগরিকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে ভারত। নতুন ব্যবস্থায় ভিসার শ্রেণি ও উপশ্রেণির সংখ্যা কমানোর পাশাপাশি আবেদনপত্রের তথ্যের ঘরও উল্লেখযোগ্য হারে ছাঁটাই করা হয়েছে। নতুন কাঠামোয় ট্যুরিস্ট ভিসার পরিবর্তে চালু হচ্ছে ‘ভিজিটর ভিসা’, যার আওতায় ভ্রমণের পাশাপাশি কয়েক ধরনের স্বল্পমেয়াদি কার্যক্রমের সুযোগ থাকবে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন নিয়মে ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামানো হয়েছে। একই সঙ্গে ২৩টি উপশ্রেণির আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবসার কাজে ভারতে যেতে আগ্রহীদের আবেদনপ্রক্রিয়া সহজ করাই এ সংস্কারের উদ্দেশ্য।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভারতের ভিসানীতিতে পরিবর্তন আনা হয়েছিল। এবার আন্তর্জাতিক রীতিনীতি এবং উন্নত দেশগুলোর প্রচলিত ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিতীয় দফায় সংস্কার করা হয়েছে।

নতুন ব্যবস্থায় ট্যুরিস্ট ভিসার জায়গায় আসছে ‘ভিজিটর ভিসা’। সাধারণ ভ্রমণের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক আলোচনা, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত ও শিল্পকলার প্রশিক্ষণও এর আওতায় থাকবে।

ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—এই দুই ভাগে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এ সময়ের মধ্যে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। অন্যদিকে যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। দীর্ঘমেয়াদি এই ভিসার আওতায় পর্বতারোহণের সুযোগও রাখা হয়েছে।

চিকিৎসার জন্য ভারতে যেতে আগ্রহীদের ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা করা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ পদ্ধতিতে চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ভিসার স্বাভাবিক মেয়াদ এক বছর এবং একাধিকবার প্রবেশের সুবিধা থাকবে। একই সুবিধা পাওয়া যাবে ই-ভিসার ক্ষেত্রেও।

রোগীর সঙ্গে যাওয়া স্বজনদের জন্য রাখা হয়েছে এম-২ ও এম-৪ ভিসা। এর ফলে চিকিৎসা চালিয়ে যাওয়া কিংবা পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে নতুন করে আবেদন করার প্রয়োজন কমবে। ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গেও এ উদ্যোগের সংযোগ রয়েছে।

শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে এস-১ এবং গবেষণা ও সংশ্লিষ্ট কাজে যুক্ত ব্যক্তিদের জন্য এস-২ ভিসা। এস-১ ভিসার মাধ্যমে স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়াশোনা করা যাবে। অন্যদিকে এস-২ ভিসার আওতায় থাকবেন পিএইচডি গবেষক, ভিজিটিং শিক্ষক, ইন্টার্ন এবং বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণকারীরা।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছরের ই-এস১ ভিসা পাবেন। তবে শিক্ষাক্রমের মেয়াদ অনুযায়ী এ ভিসার কার্যকারিতা নির্ধারিত হবে।

ব্যবসায়িক ভিসাও দুই ভাগে সাজানো হয়েছে। বি-১ ভিসার মাধ্যমে ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন অথবা দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগ পরিচালনা করা যাবে। আর বি-২ ভিসার আওতায় থাকবে চুক্তিভিত্তিক কাজ, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন ও চলচ্চিত্র নির্মাণ।

এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য চালু হচ্ছে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’। যন্ত্রপাতি স্থাপন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, তথ্যপ্রযুক্তি এবং প্রশিক্ষণসংক্রান্ত কাজে এ ভিসা ব্যবহার করা যাবে। এটির জন্য ই-ভিসার মাধ্যমেও আবেদন করা যাবে।

বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩ ধরনের উপশ্রেণিতে ই-ভিসা পাচ্ছেন। নতুন কাঠামো কার্যকর করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে ভারত।

সংশোধিত ব্যবস্থায় ভিসার মূল ধরন থাকবে ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই নয়টি। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যসহ কয়েকটি বিশেষ শ্রেণির আবেদনকারী বিবিধ ভিসার আওতায় পড়বেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ব্যবস্থায় ভিসা দেওয়া শুরু হতে পারে।

সূত্র: এনডিটিভি



This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22107 ,   Print Date & Time: Friday, 13 November 2026, 04:34:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh