![]()
ইবি রিপোর্ট
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আগুনে বাড়ির আসবাবপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি একটি ছাগলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ওই বাড়িতে তখন কেউ বসবাস করতেন না। মূলত গবাদিপশু পালন করার জন্য বাড়িটি ব্যবহার করা হতো। সেখানে বেশ কয়েকটি গবাদিপশু রাখা ছিল। আগুন ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে পশুগুলো উদ্ধারের চেষ্টা করেন। তাঁদের সহায়তায় অধিকাংশ গবাদিপশু উদ্ধার করা সম্ভব হলেও একটি ছাগল মারা যায়। আগুনে বাড়ির ভেতরে থাকা আসবাবপত্রও পুড়ে গেছে।
নুসরাত তাবাসসুমের মা জোহরা খাতুন পাপিয়া ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে বাড়িতে গিয়ে দেখতে পান পুরো বাড়িতে আগুন জ্বলছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। আগে তিনি ওই বাড়িতেই বসবাস করতেন। তবে বর্তমানে পুরোনো বাড়ির পাশেই আরেকটি বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করছেন তিনি। ফলে আগুন লাগার সময় নুসরাতের গ্রামের বাড়িটিতে পরিবারের কেউ ছিলেন না।
এদিকে বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। সেখানে দেওয়া স্ট্যাটাসে তিনি পেট্রল বোমা হামলার অভিযোগ তুলে লেখেন, ‘বাড়িতে পেট্রল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন নুসরাত।
ঘটনার বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
তিনি আরও জানান, আগুনের প্রকৃত উৎস কী ছিল, কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে বাড়িটিতে আগুন দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।