• হোম > জাতীয় | দেশজুড়ে > চলন্ত গাড়ির জানালা দিয়ে আসিফ নজরুলের ফোন ছিনতাই

চলন্ত গাড়ির জানালা দিয়ে আসিফ নজরুলের ফোন ছিনতাই

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০০
  • ৩০

---

ইবি রিপোর্ট 

রাজধানীর ব্যস্ত সড়কে চলন্ত গাড়িতে বসেই ছিনতাইয়ের শিকার হয়েছেন সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। যানজটে ধীরগতিতে চলা গাড়ির জানালা দিয়ে মুহূর্তেই তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়েছে এক তরুণ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধানমন্ডি সংলগ্ন শুক্রাবাদ এলাকায় ঘটনাটি ঘটে।

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ছিলেন অধ্যাপক আসিফ নজরুল। ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি জানিয়েছেন তিনি। পাশাপাশি পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে সতর্কতামূলক বার্তাও প্রকাশ করেছেন।

ফেসবুক পোস্টে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আসিফ নজরুল লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’

ফোনটি ছিনতাইয়ের পর সম্ভাব্য প্রতারণা নিয়ে পরিচিতদের সতর্ক করেছেন তিনি। এ বিষয়ে পোস্টে আরও লেখেন, ‘ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে কিংবা অন্য যেকোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, থ্রেট দেয় বা সন্দেহজনক কিছু লেখে, তাহলে সেটা এড়িয়ে যাবেন।’

পরে ঘটনার বিস্তারিত বিবরণও নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেন অধ্যাপক আসিফ নজরুল। তাঁর বর্ণনা অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে যাত্রা শুরু করেন তিনি। মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিল তাঁর গাড়ি।

সড়কে তীব্র যানজট থাকায় গাড়িটি তখন ধীরগতিতে চলছিল। গরম অনুভূত হওয়ায় তিনি গাড়ির জানালার কাচ নামিয়ে রেখেছিলেন। এ সময় গাড়ির ভেতরে বসেই মোবাইল ফোনে খুদে বার্তা দেখছিলেন তিনি।

গাড়িটি শুক্রাবাদের পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে ছিনতাইয়ের ঘটনা ঘটে। নীল রঙের টি-শার্ট পরা এক তরুণ দ্রুত গাড়ির জানালা দিয়ে হাত বাড়ায়। মুহূর্তের মধ্যেই আসিফ নজরুলের হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয় সে। এরপর দ্রুত দৌড়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই তরুণ।

ঘটনাটি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করেন আসিফ নজরুল। তবে আশপাশে থাকা মানুষের ভিড়ের মধ্যে দ্রুত হারিয়ে যায় ওই তরুণ। ফলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা সম্ভব হয়নি।

নিজের অসতর্কতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা। ঘটনার পরপরই তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন।

এদিকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফোনটির অবস্থান শনাক্ত করতে বাহিনীর একাধিক দল তৎপরতা চালাচ্ছে। একই সঙ্গে ছিনতাইকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দ্রুত সময়ের মধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ জানিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। উদ্ধার কার্যক্রম চলার মধ্যেই তাঁর পরিচিতজনদের সন্দেহজনক বার্তা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22069 ,   Print Date & Time: Friday, 13 November 2026, 02:33:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh