• হোম > জাতীয় | দেশজুড়ে > তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৩:৪৩
  • ৮

---

বিশেষ প্রতিনিধি

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো তাঁদের আলোচনায় গুরুত্ব পেয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে তাঁদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশ করেন এমিনে এরদোয়ান। এ সময় ডা. জুবাইদা রহমানের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেন তিনি।

ফেসবুক পোস্টে তুরস্কের ফার্স্ট লেডি জানান, আন্তালিয়ায় সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে জলবায়ু সুবিচার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য নীতিমালা বাস্তবায়নে যৌথ উদ্যোগ ও সহযোগিতার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তাঁদের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধিদলও রয়েছে।

এদিকে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক এবং জলবায়ু বিশেষজ্ঞদের অংশগ্রহণে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে কপ-৩১ সম্মেলন। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব ও ঝুঁকি মোকাবিলা, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নিয়মিত অর্থায়ন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22067 ,   Print Date & Time: Wednesday, 11 November 2026, 06:05:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh