• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুযোগ, রমজানের আগে বড় সিদ্ধান্ত

১১ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুযোগ, রমজানের আগে বড় সিদ্ধান্ত

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৭:৪৩
  • ২৭

---

ইবি রিপোর্ট

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে দাম সহনীয় রাখতে ১১ ধরনের পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্যের আমদানি মূল্য সর্বোচ্চ ৯০ দিন পর পরিশোধ করা যাবে। বুধবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, সুবিধাটি পাবেন চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মসলা, খেজুর ও মটরশুঁটির আমদানিকারকেরা। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) আওতায় তাঁরা সর্বোচ্চ ৯০ দিন পর দাম মেটাতে পারবেন।

ফলে পণ্য দেশে আসার সঙ্গে সঙ্গে পুরো অর্থ দিতে হবে না। নির্ধারিত মেয়াদ শেষে মূল্য পরিশোধের সুযোগ থাকবে। আমদানিকারকেরা পণ্য বিক্রির টাকায় ব্যাংকের দায় মেটাতে পারবেন। এতে আমদানিতে তাৎক্ষণিক মূলধনের চাপও কমবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতেই এ বিশেষ সুবিধা। এটি আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

সাধারণত রমজানে চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, ছোলা ও খেজুরের চাহিদা বাড়ে। সে সময় সরবরাহে ঘাটতি দেখা দিলে দামের ওপর চাপ পড়ে। নতুন সুবিধায় আমদানিকারকেরা আমদানিতে আরও উৎসাহিত হবেন বলে মনে করছেন ব্যাংক খাতসংশ্লিষ্টরা।

এর আগে গত ৮ নভেম্বর এসব পণ্যের ঋণপত্র (এলসি) খোলায় নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনায় চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুরের কথা বলা হয়।

এলসি খোলার সময় আমদানিকারককে ব্যাংকে যে নগদ অর্থ বা জামানত জমা দিতে হয়, তাকে এলসি মার্জিন বলে। এটি সাধারণত ঋণপত্রের মোট মূল্যের নির্দিষ্ট শতাংশ। মার্জিন কমলে কম নগদ অর্থেই এলসি খোলা যায়, ফলে অর্থায়নের চাপ কমে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22048 ,   Print Date & Time: Thursday, 12 November 2026, 02:21:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh