• হোম > অর্থনীতি > ধনী দেশগুলোর নীরবতায় অনিশ্চয়তায় জলবায়ু অর্থায়ন

ধনী দেশগুলোর নীরবতায় অনিশ্চয়তায় জলবায়ু অর্থায়ন

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৭:৩৯
  • ২৩

---

ইবি রিপোর্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব অর্থনীতি গড়তে উন্নয়নশীল দেশগুলোকে কত অর্থ দেওয়া হবে, তার নতুন পরিকল্পনা এখনো জানায়নি বেশ কয়েকটি ধনী দেশ। অর্থের নিশ্চয়তা না থাকায় ভুক্তভোগী দেশগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারছে না। বেসরকারি বিনিয়োগ টানতেও তারা হিমশিম খাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে শিল্পোন্নত দেশগুলোর সরকারের কাছ থেকে বছরে ৩০০ বিলিয়ন ডলার এবং অন্যান্য উৎস থেকে প্রায় ১ লাখ কোটি ডলার পাওয়ার কথা উন্নয়নশীল দেশগুলোর। চরম আবহাওয়া মোকাবিলা ও কম কার্বন নিঃসরণের অর্থনীতিতে রূপান্তরে এ অর্থ দেওয়ার লক্ষ্য ঠিক হয়েছে।

ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল (এনআরডিসি) ও থিংকট্যাংক ইথ্রি-জিরোর বিশ্লেষণ বলছে, ২০২৪ সালের কপ-২৯ সম্মেলনে বছরে ৩০০ বিলিয়ন ডলারের যে লক্ষ্য ঠিক হয়েছিল, তা পূরণের পথে এগোচ্ছে ধনী দেশগুলো। ২০৩০ সাল নাগাদ তারা বছরে প্রায় ২২৯ বিলিয়ন ডলার দিতে পারবে। এর প্রায় ১৮৫ বিলিয়ন ডলার আসবে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক থেকে।

এনআরডিসির আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক জো থোয়েটস গার্ডিয়ানকে বলেন, ‘দেশগুলো জলবায়ু অর্থায়নের লক্ষ্যমাত্রা পূরণের ভালো অবস্থানে থাকলেও এ বিষয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলছে না। ইউরোপীয় ইউনিয়ন বছরে প্রায় ৩৬ বিলিয়ন ডলার সহায়তা অব্যাহত রাখলে এবং যুক্তরাজ্য, কানাডা ও কয়েকটি ছোট দেশের প্রতিশ্রুতি হিসাব করলেও লক্ষ্যমাত্রা পূরণে ঘাটতি থাকবে প্রায় ৭ বিলিয়ন ডলার।’

থোয়েটসের মতে, হোয়াইট হাউসে অন্য কোনো প্রেসিডেন্ট এলে যুক্তরাষ্ট্র এ ঘাটতির কিছু অংশ পূরণ করতে পারে। জাপান ও অস্ট্রেলিয়াও ভূমিকা রাখতে পারে। দেশ দুটি এখনো নতুন লক্ষ্যমাত্রা প্রকাশ করেনি।

থিংকট্যাংক কার্বন ব্রিফের বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান প্রতিশ্রুতির মেয়াদ শেষে নতুন অর্থায়ন না এলে ধনী দেশগুলো থেকে উন্নয়নশীল দেশগুলোর দ্বিপক্ষীয় জলবায়ু সহায়তা ৭০ শতাংশ কমে যেতে পারে।

থোয়েটস বলেন, ‘দেশগুলো শিগগিরই নতুন প্রতিশ্রুতি দেবে, এমন পরিস্থিতির আশঙ্কা কম। এ বিষয়ে ধনী দেশগুলোর নীরবতা দুঃখজনক। তারা নতুন অর্থায়নের বিষয়ে প্রকাশ্যে কথা বললে উন্নয়নশীল দেশগুলোর জোট জি৭৭ আশ্বস্ত হতো।’

তুরস্কের আনতালিয়ায় সোমবার শুরু হওয়া কপ-৩১ সম্মেলনেও জলবায়ু অর্থায়ন অন্যতম আলোচ্য বিষয়। সম্মেলনের সভাপতিত্ব করছে অস্ট্রেলিয়া। সভাপতিত্ব নিয়ে তুরস্ক ও অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বিতার পর সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়।

প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি উন্নয়নশীল দেশ আগের জলবায়ু অর্থায়নসংক্রান্ত সিদ্ধান্ত আবার আলোচনায় তুলতে চায়। তাদের আশঙ্কা, ভবিষ্যতে অর্থায়ন কমতে পারে। ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি বড় দেশ এখনো নতুন লক্ষ্যমাত্রা প্রকাশ করেনি। অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশ কপ সম্মেলনের আয়োজক হয়েও নতুন পরিকল্পনা না জানানোকে অস্বাভাবিক বলা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের চাপে বিশ্বব্যাংক চলতি বছর আনুষ্ঠানিক জলবায়ু অর্থায়ন লক্ষ্য থেকে সরে এসেছে। তবে জলবায়ুসংশ্লিষ্ট প্রকল্পে বছরে কয়েক হাজার কোটি ডলার অর্থায়ন অব্যাহত রাখবে ব্যাংকটি। যুক্তরাজ্যও এ বছর জলবায়ু অর্থায়ন কমিয়েছে।

ফ্রান্সের উন্নয়ন সংস্থা এএফডি জানিয়েছে, ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত তারা বছরে ৬ বিলিয়ন ইউরো জলবায়ু অর্থায়ন এবং জীববৈচিত্র্য রক্ষায় ৮০০ মিলিয়ন ইউরো দেবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22046 ,   Print Date & Time: Thursday, 12 November 2026, 02:23:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh