![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
নতুন অস্ত্রের ভয় দেখিয়ে বিশ্বমঞ্চে চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
যুক্তরাষ্ট্রের এই নীতিকে ‘হুমকির মাধ্যমে কূটনীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশটির সামরিক অবস্থানের কঠোর সমালোচনাও করেছেন ইরানি প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই যুদ্ধ চালানো হচ্ছে। তবে ওয়াশিংটনের এই বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পেজেশকিয়ান।
তিনি জানান, যুদ্ধের প্রথম দিনেই ইরানের ল্যামের্ড শহরে হামলার ঘটনা ঘটে। শহরটির একটি ক্রীড়াকেন্দ্রে প্রিসিশন স্ট্রাইক মিসাইল দিয়ে আঘাত হানা হয়। ওই হামলায় ২১ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে জানান তিনি।
এদিকে মার্কিন গণমাধ্যমের খবরে উঠে এসেছে পেন্টাগনের একটি সম্ভাব্য পরিকল্পনা। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংসে বিশেষ বোমা ব্যবহারের কথা ভাবছে সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত অস্ত্রটির নাম ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমা’। এটি ‘সকল বোমার জননী’ নামেও পরিচিত।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেন পেজেশকিয়ান। তিনি বলেন, ‘এটি কোনো আদর্শিক দ্বিমুখী নীতি নয়, বরং একটি বড় লজ্জার বিষয়।’
এ সময় বিশ্ববাসীর উদ্দেশে প্রশ্নও তোলেন ইরানের প্রেসিডেন্ট। তাঁর ভাষায়, ‘আসল প্রশ্ন হলো-বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি কে তৈরি করছে?’