• হোম > জাতীয় > সফিপুর ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

সফিপুর ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৬:৩৪
  • ২৯

---

ইবি রিপোর্ট

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু এবং অন্য দুজন স্বামী-স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশের ধারণা, নিহত তিনজন একই পরিবারের সদস্য হতে পারেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে সফিপুর ফ্লাইওভারে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে থাকা এক শিশু ও স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পান তাঁরা।

দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। এ ছাড়া ফ্লাইওভারে সিসি ক্যামেরা না থাকায় দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশকে বেগ পেতে হচ্ছে।

ওসি মো. মঞ্জুর মোরশেদ আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ বিভিন্ন স্থানে তদন্ত করছে। মোটরসাইকেলটি কোন যানবাহন বা বস্তুর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল, তা শনাক্ত করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22024 ,   Print Date & Time: Friday, 13 November 2026, 03:17:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh