• হোম > আন্তর্জাতিক | বিশ্ব সংবাদ > বিশ্বজুড়ে কলেরায় এ বছর তিন হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বজুড়ে কলেরায় এ বছর তিন হাজারের বেশি মানুষের মৃত্যু

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৬:২৯
  • ২১

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে কলেরায় প্রাণহানি কমলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক। চলতি বছরের প্রথম নয় মাসেই তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের বড় অংশই আফ্রিকার বিভিন্ন দেশের বাসিন্দা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির পক্ষ থেকে এসব তথ্য প্রকাশ করা হয়। গত বছর বাংলাদেশসহ বিভিন্ন দেশে কলেরায় সাত হাজারের বেশি মানুষ মারা যান। ২০২৫ সালে প্রাণহানির সংখ্যা ছিল প্রায় ৭ হাজার ৯০০। ১৯৯৯ সালের পর ওই বছরটি ছিল কলেরায় সবচেয়ে ভয়াবহ।

ডব্লিউএইচওর মহামারিপ্রবণ ব্যাকটেরিয়াজনিত রোগ বিভাগের প্রধান লরেঞ্জো পেজোলি এসব তথ্য জানান। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, গত বছর আক্রান্ত ও মৃত্যুর বড় অংশ ঘটেছে সাতটি দেশে। দেশগুলো হলো অ্যাঙ্গোলা, বাংলাদেশ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, সুদান ও ইয়েমেন। এসব দেশে গত বছরের মোট আক্রান্ত ও মৃত্যুর প্রায় ৯০ শতাংশ ঘটেছে।

পেজোলি জানান, চলতি বছরের প্রথম নয় মাসের তথ্য বিশ্লেষণে মৃত্যুর সংখ্যা কমেছে। তবে এ সময়েও কলেরায় তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৯ জনই আফ্রিকার।

ডব্লিউএইচওর মতে, সম্মিলিত উদ্যোগের কারণে আগের বছরের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বর্তমান প্রচেষ্টা এখনো যথেষ্ট নয় বলে মনে করেন পেজোলি। তাঁর মতে, কলেরা নিয়ন্ত্রণে আরও জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সংস্থাটি ২০৩০ সালের মধ্যে কলেরার সংক্রমণ ৯০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। একই সময়ের মধ্যে রোগটিকে জনস্বাস্থ্যের হুমকিমুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এ লক্ষ্য অর্জনে চলমান প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন পেজোলি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22022 ,   Print Date & Time: Thursday, 12 November 2026, 02:40:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh