• হোম > আইন আদালত > সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও স্ত্রীসহ ৩৬ জনের রায় ১৯ নভেম্বর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও স্ত্রীসহ ৩৬ জনের রায় ১৯ নভেম্বর

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৬:১৭
  • ১৬

---

ইবি রিপোর্ট

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমীলা জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করা হবে। বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হওয়ার পর বিচারক মিজানুর রহমান রায়ের দিন ধার্য করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হলে আদালত রায় ঘোষণার জন্য ১৯ নভেম্বর তারিখ নির্ধারণ করেন।

মামলার ৩৬ আসামির তালিকায় রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী জাবেদ, তার স্ত্রী রুকমীলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান এবং বোন রোকসানা জামান। এ ছাড়া ইউসিবিএল ব্যাংক ও জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের কয়েকজন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।

দুদকের তদন্তে বলা হয়েছে, ভিশন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগের সূত্রপাত। অভিযোগপত্র অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স তৈরি করা হয়। ওই লাইসেন্সের মাধ্যমে ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএলের চট্টগ্রামের পোর্ট শাখায় ভিশন ট্রেডিংয়ের নামে একটি চলতি হিসাব খোলা হয়।

এরপর ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি গম, হলুদ, ছোলা ও মটর আমদানির কথা উল্লেখ করে ১৮০ দিনের জন্য টাইম লোনের আবেদন করে প্রতিষ্ঠানটি। দুদকের অভিযোগ, ঋণ প্রস্তাবের বিষয়ে নেতিবাচক অবস্থান থাকা সত্ত্বেও ব্যাংকের পরিচালনা পরিষদ যথাযথ যাচাই-বাছাই না করে ঋণ অনুমোদন করে।

ঋণের অর্থ ভিশন ট্রেডিংয়ের হিসাবে না রেখে পে-অর্ডারের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠানো হয়। প্রতিষ্ঠানগুলো হলো আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডার্স, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং। দুদকের তদন্তে এসব প্রতিষ্ঠানকে নামসর্বস্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। পরে সংশ্লিষ্ট হিসাবগুলো থেকে টাকা নগদে উত্তোলন এবং বিভিন্ন মাধ্যমে অন্যত্র স্থানান্তর করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, স্থানান্তরিত অর্থের একটি অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সেখানে সম্পত্তি কেনা হয়। এ ছাড়া জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ব্যাংক হিসাবে অর্থ জমা দিয়ে দায় সমন্বয় করা হয়। দুদকের তদন্ত অনুযায়ী, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব ঘটনা ঘটে।

এ ঘটনায় গত বছরের ২৪ জুলাই দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা করেন সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান। শুরুতে জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনকে আসামি করা হয়েছিল। পরবর্তী তদন্তে আরও সাতজনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের অন্তর্ভুক্ত করে মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

তদন্তে মামলার দুই আসামি ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল এবং জাবেদের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী মো. দিলদারের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এ কারণে তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করেন তদন্তকারী কর্মকর্তা। বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হয়।

চলতি বছরের ৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মশিউর রহমান। ৭ জানুয়ারি আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। পরে ১১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৫ এপ্রিল মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়।

অভিযোগপত্রে ইউসিবিএল ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৯২ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছিল। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22015 ,   Print Date & Time: Thursday, 12 November 2026, 03:11:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh