• হোম > দেশজুড়ে > টেকনাফে যুবলীগের মশালমিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত এসআই

টেকনাফে যুবলীগের মশালমিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত এসআই

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৪:৫৫
  • ৩৫

---

ইবি রিপোর্ট

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশালমিছিল বের করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংগঠনটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে টেকনাফ মডেল থানার এক উপপরিদর্শক (এসআই) মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। সংঘর্ষের সময় একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীরা সেখানে একটি মশালমিছিল বের করেন।

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, গোদারবিল এলাকা থেকে শুরু হওয়া মিছিলে যুবলীগের দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি টেকনাফ পৌরশহরের দিকে যাওয়ার খবর পেয়ে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা মিছিলকারীদের সামনে এগোতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আলমের মাথায় আঘাত লাগে। সংঘর্ষ চলাকালে যুবলীগের নেতা-কর্মীরা একটি গাড়িও ভাঙচুর করেন। রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে আসে।

আহত পুলিশ কর্মকর্তা জাফর আলমকে রাতেই টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অহিদুর রহমান জানান, তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। আঘাতের কারণে মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাতে যুবলীগের নেতা-কর্মীরা মশালমিছিল বের করেছিলেন। পুলিশ ও বিজিবির সদস্যরা তাঁদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে এসআই মো. জাফর আলম মাথায় গুরুতর আঘাত পান।

ওসি আরও জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অন্যদের শনাক্ত করার কাজ চলছে। তাঁদের শনাক্ত করা সম্ভব হলে আটকের উদ্যোগ নেওয়া হবে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন সাইফুল ইসলাম। সংঘর্ষের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21974 ,   Print Date & Time: Thursday, 12 November 2026, 02:25:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh