![]()
ইবি রিপোর্ট
নিম্নতম মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আবারও উত্তেজনা ছড়িয়েছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। বুধবার (১১ নভেম্বর) সকালে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। পরে সড়কে নেমে অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিক নিয়মে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশের পরই মজুরি বাড়ানোর দাবিতে কাজ বন্ধ করে দেন। এ সময় তারা বিক্ষোভও শুরু করেন।
সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন। একপর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভরত শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
অন্যদিকে, সকাল ১০টার পর সাভারের হেমায়েতপুর এলাকাতেও শ্রমিক অসন্তোষের প্রভাব দেখা যায়। সেখানে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থল থেকে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শিল্প পুলিশের একটি সূত্র জানিয়েছে, কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন ও বিক্ষোভে অংশ নিলেও শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এদিকে, কতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি কী অবস্থায় রয়েছে, তা জানতে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার বক্তব্য পাওয়া যায়নি।