![]()
ইবি রিপোর্ট
পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর ঋণাত্মক মূলধন সমন্বয়ে সময় বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা। স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি সমন্বয় করতে পারবেন ২০৩০ সাল পর্যন্ত। একই সময়সীমায় আনরিয়েলাইজড লস সমন্বয়ের সুযোগও দেওয়া হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ২০২৭ সাল থেকে প্রতিবছর অন্তত ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। চলতি বছরে নতুন করে সৃষ্ট নেগেটিভ ইক্যুইটি অবশ্য ২০২৬ সালেই সমন্বয় করতে হবে।
এ ছাড়া নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের বিনিয়োগকারীদের ওপর আর্থিক দায় চাপানো যাবে না। এসব হিসাবে মার্জিন ঋণের সুদ ও পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপও নিষিদ্ধ করেছে কমিশন। বর্ধিত সময়কালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নগদ লভ্যাংশ ঘোষণা কিংবা বিতরণ করতে পারবে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিএসইসির ১০৩৮তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পুঁজিবাজারের স্বার্থসংশ্লিষ্ট আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম এসব তথ্য জানিয়েছেন।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানের বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির পরিমাণ বিবেচনায় নেওয়া হবে। ওই হিসাবের ভিত্তিতে ২০২৭ সাল থেকে প্রতিবছর অন্তত ২৫ শতাংশ প্রভিশন রাখতে হবে। ধারাবাহিকভাবে প্রভিশন সংরক্ষণ করে ২০৩০ সালের মধ্যে পুরো ঘাটতি সমন্বয় করতে হবে। তবে যেসব প্রতিষ্ঠানের সময়সীমা আগে বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের সিদ্ধান্তই কার্যকর থাকবে।
অন্যদিকে, ৩০ সেপ্টেম্বরের নির্ধারিত হিসাবের বাইরে নতুন নেগেটিভ ইক্যুইটি তৈরি হলে ভিন্ন নিয়ম প্রযোজ্য হবে। চলতি ২০২৬ সালেই সেই নতুন ঘাটতি সমন্বয় করতে হবে। এ ধরনের ঘাটতির বিপরীতে পরবর্তী বছরগুলোর প্রভিশন সুবিধা পাওয়া যাবে না।
নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাব পরিচালনায়ও কয়েকটি শর্ত দিয়েছে বিএসইসি। এসব হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনা যাবে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের পোর্টফোলিও পুনর্বিন্যাস করতে পারবেন। তবে নতুন কেনা শেয়ারের বিপরীতে কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না। এসব বিও হিসাবের লেনদেন ব্লক মার্কেটেও করা যাবে না।
প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের পুরো সময়জুড়ে এসব হিসাবে সুদ আরোপ নিষিদ্ধ থাকবে। একইভাবে পোর্টফোলিও ব্যবস্থাপনা ফিও নেওয়া যাবে না। এসব হিসাবের বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য বিনিয়োগকারীদের দায়ী করা যাবে না। তাদের ওপর কোনো ধরনের আর্থিক দায়ও চাপানো যাবে না।
বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবেন না। একইভাবে নগদ লভ্যাংশ বিতরণ থেকেও বিরত থাকতে হবে।
বিএসইসির মতে, সিদ্ধান্তটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান ঘাটতি পর্যায়ক্রমে সমন্বয়ের সুযোগ তৈরি করবে। এতে নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস কমানোর প্রক্রিয়া সহজ হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবে। বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতেও সিদ্ধান্তটি ভূমিকা রাখবে বলে মনে করছে কমিশন।
এদিকে একই সভায় অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত বন্ড মূল বোর্ডে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। যেসব বন্ডের সম্মতিপত্রে এটিবিতে তালিকাভুক্তির শর্ত ছিল, কিন্তু এখনো তালিকাভুক্ত হয়নি, সেগুলোর ইস্যুয়ার কোম্পানিকে আবেদন করতে হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন জমা দিতে হবে।
বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলোও মূল বোর্ডে স্থানান্তরের উদ্যোগ নিতে হবে। একই সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশ দিয়েছে কমিশন। এ ক্ষেত্রে বিদ্যমান তালিকাভুক্তি বিধিমালা ও প্রয়োজনীয় শর্ত অনুসরণ করতে হবে। এরপর আবেদন বিবেচনা করে স্থানান্তরের ব্যবস্থা নিতে হবে।