• হোম > জাতীয় | বাংলাদেশ > গেজেটের বাইরে থাকা জুলাই আহতদের তালিকাভুক্ত করবে সরকার

গেজেটের বাইরে থাকা জুলাই আহতদের তালিকাভুক্ত করবে সরকার

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০
  • ৩০

---

ইবি রিপোর্ট

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত হওয়ার পরও যারা এখনো রাষ্ট্রীয়ভাবে জুলাই যোদ্ধার স্বীকৃতি পাননি, তাদের জন্য নতুন করে তালিকাভুক্তির সুযোগ তৈরি করছে সরকার। এ লক্ষ্যে গেজেটের বাইরে থাকা আহত ব্যক্তিদের কাছ থেকে আবেদন গ্রহণে গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নতুন এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন কারণে এতদিন তালিকার বাইরে থাকা আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখা থেকে গত ১০ নভেম্বর এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অথবা এখনো চিকিৎসাধীন রয়েছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করতে হবে। তবে তাদের নাম এখনো জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়নি।

এ ধরনের ব্যক্তিদের তালিকাভুক্তির সুযোগ দিতে গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে ৮৪২ জন শহীদ হয়েছেন। আন্দোলনে আহত ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি, কল্যাণ এবং পুনর্বাসন নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে জুলাই যোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত গেজেটের ক্যাটাগরি-ক-তে ৯৯০ জন, ক্যাটাগরি-খ-তে এক হাজার ১৪ জন এবং ক্যাটাগরি-গ-তে ১১ হাজার ৯৬৪ জনের নাম রয়েছে।

তবে তালিকাভুক্তির কার্যক্রমের বাইরে এখনো অনেক আহত ব্যক্তি রয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপজেলা ও জেলা পর্যায়ে বর্তমানে ৯৩১ জন আহত ব্যক্তির আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত হলেও নানা কারণে যারা জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে পারেননি, তাদেরও নতুন করে আবেদনের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে আবেদন গ্রহণের কার্যক্রম বন্ধ থাকার আগের সিদ্ধান্তের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, গত ১০ ফেব্রুয়ারি তৎকালীন সরকারের শেষ কর্মদিবসে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নতুন করে অন্তর্ভুক্তির আবেদন মন্ত্রণালয়ে না পাঠানোর জন্য দেশের সব জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছিল।

এর ফলে পরবর্তী সময়ে বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে আহত ব্যক্তিদের পক্ষ থেকে আবেদন জমা পড়লেও সংশ্লিষ্ট দপ্তরগুলো সেসব আবেদন পরবর্তী কার্যক্রমের জন্য মন্ত্রণালয়ে পাঠাতে পারেনি।

এ কারণে আন্দোলনে আহত হওয়ার পরও অনেকেই রাষ্ট্রীয় স্বীকৃতির প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হতে পারেননি। বর্তমানে এসব ব্যক্তির আবেদন গ্রহণ এবং তালিকাভুক্তির সুযোগ তৈরি করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নতুন করে তালিকাভুক্ত হতে আগ্রহীদের আবেদনের সঙ্গে কয়েকটি প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার বিবরণ এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত হওয়ার পক্ষে উপযুক্ত প্রমাণক।

জমা দেওয়া তথ্য ও প্রমাণপত্র যাচাইয়ের ভিত্তিতে আবেদনকারীদের জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে।

সরকারের এ উদ্যোগের ফলে আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়ার পরও প্রশাসনিক জটিলতা কিংবা বিভিন্ন কারণে গেজেটভুক্ত হতে না পারা ব্যক্তিদের স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21928 ,   Print Date & Time: Thursday, 12 November 2026, 01:17:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh