![]()
ইবি রিপোর্ট
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং মাতৃস্বাস্থ্য উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এ লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। পাশাপাশি নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব পণ্য উৎপাদন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আগ্রহ দেখিয়েছে তুরস্ক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের আর ফ্লোরের কনফারেন্স-১ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রথম দিনেই ডা. জুবাইদা রহমান ও তুরস্কের ফার্স্ট লেডির মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্য ও সামাজিক পরিস্থিতির ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন।
শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের নানা প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশের জনগণের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। একই সঙ্গে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছেন তিনি।
বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্যের ব্যবহার ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্যকে প্লাস্টিকের বিকল্প হিসেবে তুরস্কসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন এমিনে এরদোয়ান।
এ সময় ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের সামনে তৈরি হওয়া স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যাগুলো তুলে ধরেন।
পাশাপাশি পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির বিষয়েও তুরস্কের ফার্স্ট লেডিকে অবহিত করেন তিনি। এসব কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ ও খাল খনন কার্যক্রমের কথা উল্লেখ করেন ডা. জুবাইদা রহমান।
বাংলাদেশের এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোয়ান বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।
বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতিও আলোচনায় আসে। শামা ওবায়েদ জানান, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর এমিনে এরদোয়ান বাংলাদেশ এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন।
তুরস্ক দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ সংকটের একমাত্র টেকসই সমাধান হচ্ছে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে প্রত্যাবাসন কার্যকর না হওয়া পর্যন্ত তাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করা এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে নিয়মিত নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং নারীদের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়গুলোও বৈঠকে তুলে ধরা হয়েছে।
এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান। এ উদ্দেশ্যে তিনি একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠাতে চান। দলটি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে।
বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা এবং মাতৃস্বাস্থ্য উন্নয়নে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে।
এদিকে, বৈঠকে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ২০১৭ সালের সফরের স্মৃতি উল্লেখ করে এমিনে এরদোয়ানও আবার বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।