• হোম > চট্টগ্রাম | দেশজুড়ে > সাত পিস্তল সাজিয়ে ‘আমি তুফান’ হুমকি, অবশেষে গ্রেপ্তার বুলেট

সাত পিস্তল সাজিয়ে ‘আমি তুফান’ হুমকি, অবশেষে গ্রেপ্তার বুলেট

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১০
  • ৩২

---

ইবি রিপোর্ট

সামনে সারিবদ্ধভাবে পিস্তল সাজিয়ে ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’ বলে হুমকি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্রের ছবি, ভিডিও ও ভয়ভীতি প্রদর্শনমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করতেন তিনি। গত ৯ নভেম্বর নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের ভিডিওতে কাপড়ের ওপর সারিবদ্ধভাবে পিস্তল সাজানো অবস্থায় দেখা যায়। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘খেলা দেখছো কোথায়? ভালো হয়ে যাও। চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি। সময় থাকতে পালিয়ে যাও। আমি তুফান।’

তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ে ধারণ করা নয়। এর আগে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মোহাম্মদ বেলায়েত হোসেন  জানিয়েছিলেন, ভিডিওটি ২০২৫ সালের ডিসেম্বরের আগের। ওই বছরের ডিসেম্বরে বুলেট হৃদয়কে গ্রেপ্তারের পর তার মুঠোফোনে ভিডিওটি পাওয়া যায়। সে সময় ভিডিওটির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল।

এর আগে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছিলেন, ভিডিওতে আটটি অস্ত্র দেখা গেছে। এর মধ্যে একটি দেখতে পুলিশের ব্যবহৃত টরাস পিস্তলের মতো মনে হয়েছিল। তবে অস্ত্রটি পুলিশের কি না কিংবা কীভাবে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এবার গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন পুলিশকে জানান, ভিডিওতে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। ২০২৫ সালের ৩০ অক্টোবর র‌্যাব ওই কামালকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছিল।

পরে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও ওই অস্ত্রভাণ্ডার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শাওন বিভিন্ন সময়ে নিজের মুঠোফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করতেন। পাশাপাশি হুমকিমূলক কথাবার্তা অডিও হিসেবে রেকর্ড করে রাখতেন। পরবর্তী সময়ে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয় দেখানো এবং প্রাণনাশের হুমকি দিয়ে অর্থ দাবি করতেন তিনি।

গ্রেপ্তার শাওন রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর শাওনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধের তথ্য, আগ্নেয়াস্ত্রগুলোর উৎস এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21918 ,   Print Date & Time: Friday, 13 November 2026, 03:15:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh