• হোম > আন্তর্জাতিক | বিশ্ব সংবাদ > ইরান যুদ্ধের খরচ মেটাতে ইসরায়েলকে চাপ ট্রাম্পের

ইরান যুদ্ধের খরচ মেটাতে ইসরায়েলকে চাপ ট্রাম্পের

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৫
  • ১৯

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক 

ইরান যুদ্ধের বিপুল সামরিক ব্যয়ের অর্থ মিত্রদের কাছ থেকে ফেরত চান ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় ইসরায়েলের পাশাপাশি রয়েছে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ। তবে বিশ্লেষকদের ধারণা, বাস্তবে অর্থ আদায়ের চেয়ে রাজনৈতিক বার্তাই তাঁর ঘোষণার মূল উদ্দেশ্য। মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের পর অভ্যন্তরীণ চাপ সামলাতেই এমন অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সংবাদদাতা রস ডাউথ্যাটের নেওয়া সাক্ষাৎকার প্রচারিত হয়। সেখানে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক সুরক্ষার সুবিধাভোগী দেশগুলোকে পুরো ব্যয় পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে শতভাগ অর্থ ফেরত পাওয়ার বিষয়ে নিজের অবস্থান জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা এসব অর্থ ফেরত পেতে যাচ্ছি। তারা এটি করতে বাধ্য, শতভাগ করবে। কারণ, আমরা না থাকলে তাদের কোনো অস্তিত্বই থাকত না।’

সাক্ষাৎকারে প্রথমবার সরাসরি ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়ার কথা জানান ট্রাম্প। তাঁর দাবি, মার্কিন সামরিক সহায়তা না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকত না।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও তাঁর রিপাবলিকান দল বড় ধাক্কা খাওয়ার পর ক্ষতিপূরণের বিষয়টি সামনে এসেছে। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষ নির্বাচনে দলটির পরাজয়ের অন্যতম কারণ ছিল। ট্রাম্প নিজেও এ অসন্তোষের বিষয়টি স্বীকার করেছেন।

যুদ্ধের সিদ্ধান্তকে শুরু থেকেই ‘খুব ভালো সিদ্ধান্ত’ বলে সমর্থন দিয়ে আসছেন ট্রাম্প। যদিও রাজনৈতিক ও সামরিক দিক থেকে সংঘাতটি ‘কার্যত শেষ’ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

কোন দেশগুলোর কাছে অর্থ চান ট্রাম্প

সাম্প্রতিক সাক্ষাৎকারে ট্রাম্প প্রথমবার নির্দিষ্ট করে ইসরায়েলের নাম উল্লেখ করেছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে শুরু থেকেই সরাসরি অংশ নিয়েছিল দেশটি। নিজের দাবির পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের পারমাণবিক অস্ত্রভান্ডার ধ্বংস করে দিয়েছি। আমরা যদি তা না করতাম, তবে এ মুহূর্তে ইসরায়েল নামের কোনো দেশের অস্তিত্ব থাকত না, ইসরায়েল পুরোপুরি মুছে যেত।’

এর আগে গত জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেও ক্ষতিপূরণ চেয়েছিলেন তিনি। তাঁর যুক্তি ছিল, হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক বাহিনী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করছে। এ সুরক্ষার সুবিধা পাচ্ছে ওই অঞ্চলের ধনী দেশগুলো।

তখন ট্রাম্প বলেছিলেন, ‘আমরা বিশ্বের অত্যন্ত ধনী একটি অঞ্চলকে পাহারা দিচ্ছি এবং এর পেছনে আমাদের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। ফলে এ সুরক্ষার বিনিময়ে আমরা অবশ্যই ক্ষতিপূরণ বুঝে নেব।’

অর্থ পরিশোধের সম্ভাব্য তালিকায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, বাহরাইন ও কুয়েতের নাম উল্লেখ করেছিলেন তিনি।

তবে যুদ্ধের সূচনা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালালেও উপসাগরীয় দেশগুলোর দাবি, সামরিক অভিযানের পরিকল্পনা আগে জানায়নি ওয়াশিংটন। অথচ ইরানের পাল্টা হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়েছে এসব দেশ। উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সদস্যরা শুরু থেকেই সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধান চেয়েছে।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত

মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, গত অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে ব্যয় হয়েছে ৪ হাজার ৭১০ কোটি (৪৭ দশমিক ১ বিলিয়ন) ডলার। তবে প্রকৃত ব্যয় আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটি মেরামতের খরচ এই হিসাবে অন্তর্ভুক্ত হয়নি।

মার্কিন কংগ্রেসের বাজেট-সংক্রান্ত কার্যালয় গত সেপ্টেম্বরে একটি প্রাক্কলন প্রকাশ করে। তাতে বলা হয়, যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রতি মাসে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ কোটি ডলার ব্যয় হতে পারে।

ক্ষতিপূরণ আদায় কি বাস্তবসম্মত

বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প সরাসরি এমন অর্থ আদায়ের উদ্যোগ নাও নিতে পারেন। যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী ফেলো নিল কুইলিয়াম আল-জাজিরাকে বলেন, ট্রাম্পের বক্তব্যকে কার্যকর নীতিগত প্রস্তাব হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি একধরনের ‘রাজনৈতিক বার্তা’।

কুয়েত ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও চ্যাথাম হাউসের সহযোগী ফেলো বদর আল-সাইফও একই ধরনের মত দিয়েছেন। তাঁর ধারণা, উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের বক্তব্যকে খুব একটা গুরুত্ব দেবে না।

বদর আল-সাইফ বলেন, ‘আমার মনে হয় ট্রাম্প মার্কিন একটি টেলিভিশন চ্যানেলে যে বক্তব্য দিয়েছেন, তা মূলত নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভোটারদের সন্তুষ্ট করার উদ্দেশ্যে। উপসাগরীয় দেশগুলোও বিষয়টিকে সেভাবেই দেখবে।’

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতিবিষয়ক বিশ্লেষক স্টিফান লুকাসও বিষয়টিকে অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে যুক্ত করেছেন। তাঁর মতে, ট্রাম্প নিজের ওপর থেকে দায় সরাতে কাউকে সামনে আনতে চাইছেন। মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর জনমনে তৈরি হওয়া অসন্তোষ থেকে দৃষ্টি সরাতেই নানা পদক্ষেপ নিচ্ছেন তিনি।

লুকাস মনে করেন, উপসাগরীয় অঞ্চলের আরব মিত্রদের কাছ থেকে ওয়াশিংটনের বিপুল অঙ্কের ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নেই। তবে ইসরায়েলের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ে ট্রাম্প কিছুটা আন্তরিক হতে পারেন।

বিশ্লেষকের মতে, চলতি বছরের পর ইসরায়েলকে আর মার্কিন সহায়তা দেওয়া হবে না বলে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণাও এ সম্ভাবনাকে জোরালো করেছে। তাঁর ধারণা, ট্রাম্প মনে করেন, ইসরায়েলই তাঁকে ইরানের সঙ্গে এই ধ্বংসাত্মক ও বিপর্যয়কর যুদ্ধে জড়াতে প্রভাবিত করেছিল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21916 ,   Print Date & Time: Thursday, 12 November 2026, 02:35:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh