![]()
ইবি রিপোর্ট
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া এই জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে তুরস্কের কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) এ বিষয়ে তুরস্কের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়গুলো জানান।
তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্কের প্রতি ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক পর্যায়ে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বানও জানান তারেক রহমান।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে অংশীদারত্ব বাড়ানোর বিষয় উঠে আসে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দেন। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
এ ছাড়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আরও ঘনিষ্ঠ আলোচনা এবং নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান।
এ খাতে দুই দেশের অংশীদারত্ব গড়ে তোলা এবং সম্ভাব্য বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরির বিষয়েও আলোচনা করেন দুই নেতা।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর পাশে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর সহযোগিতা ও অংশীদারত্ব প্রয়োজন। এ ক্ষেত্রে বিভিন্ন দেশের সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকের শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত আগের বৈঠকের কথা স্মরণ করেন তারেক রহমান। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।