• হোম > আন্তর্জাতিক | বিশ্ব সংবাদ > নির্বাচনে হারের পর ট্রাম্পকেই বোঝা ভাবছেন মাগা সমর্থকেরা

নির্বাচনে হারের পর ট্রাম্পকেই বোঝা ভাবছেন মাগা সমর্থকেরা

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৪
  • ৪৭

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর পাল্টাতে শুরু করেছে রাজনৈতিক সমীকরণ। একসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাগা আন্দোলনের প্রধান শক্তি ভাবতেন সমর্থকেরা। তবে নির্বাচনী বিপর্যয়ের পর তাঁদের অনেকেই এখন ট্রাম্পের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। এমনকি আন্দোলনের ভবিষ্যতের জন্য তাঁকেই দুর্বলতা হিসেবে দেখছেন কেউ কেউ।

টেক্সাসের ডালাসে কেন প্যাক্সটনের নির্বাচনী ফল ঘিরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিনেট প্রার্থী প্যাক্সটনের জয়ের প্রত্যাশা করেছিলেন সমর্থকেরা। তাঁকে স্বাগত জানাতে একটি হোটেলের বলরুমে জড়ো হয়েছিলেন তাঁরা। কিন্তু পরাজয়ের খবর আসতেই একে একে অনুষ্ঠানস্থল ছাড়তে থাকেন সমর্থকেরা।

এ সময় হোটেলের পানশালায় টেলিভিশনে ট্রাম্পের ছবি দেখছিলেন ব্যবসায়ী মাইকেল লিটল। ৫৯ বছর বয়সী এই ব্যবসায়ী তিনবার ট্রাম্পকে ভোট দিয়েছেন। তবে এবারের নির্বাচনী ফলাফলের পর তাঁর কণ্ঠে ছিল ক্ষোভ। তিনি বলেন, ‘মানুষ ট্রাম্পের ওপর ক্ষুব্ধ। ট্রাম্প আমাদের ডুবিয়েছেন।’

রিপাবলিকানদের এই পরাজয়ে ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা মাগা আন্দোলনে হতাশা ছড়িয়ে পড়েছে। একসময় ট্রাম্পকে আন্দোলনের সবচেয়ে বড় শক্তি মনে করতেন সমর্থকেরা। এখন তাঁদের কেউ কেউ তাঁর নেতৃত্বের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁদের আশঙ্কা, আন্দোলনের শক্তির পরিবর্তে ট্রাম্প নিজেই দুর্বলতার কারণ হয়ে উঠতে পারেন।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফল শুধু ট্রাম্পের প্রতি ভোটারদের অনাস্থা প্রকাশ করেনি। এর মধ্য দিয়ে তাঁর গড়ে তোলা রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনও বড় ধাক্কা খেয়েছে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় স্লোগান হিসেবে মাগার যাত্রা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে এটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাবশালী শক্তিতে পরিণত হয়।

তবে এবার ভোটারদের মনোভাব বদলে যাওয়ায় আন্দোলনটি নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। জ্বালানির উচ্চমূল্য, ইরান যুদ্ধ এবং দুর্নীতি নিয়ে অসন্তোষ ভোটারদের মধ্যে বাড়ছিল। এসব কারণে ডেমোক্র্যাটরা বড় জয় পেয়েছেন। নির্বাচনের ফলাফল মাগা আন্দোলনের অস্তিত্ব নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে।

পরাজয়ের পর ট্রাম্পের প্রথম বড় পদক্ষেপ ছিল নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করা। আন্দোলনের মূলনীতি থেকে সরে না গিয়ে তিনি বরং সেই অবস্থানেই অনড় থেকেছেন। গত শুক্রবার তিনি স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন।

মিলার ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতির অন্যতম প্রধান রূপকার। তিনি সুসি উইলিসের স্থলাভিষিক্ত হয়েছেন। বিশৃঙ্খল হোয়াইট হাউসে উইলিসকে তুলনামূলক স্থিতিশীল ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হতো। প্রশাসনের ভেতরে ভারসাম্য রক্ষায়ও তাঁর ভূমিকা ছিল।

মিলারের নিয়োগকে স্বাগত জানিয়েছেন মাগা আন্দোলনের কট্টর সমর্থকদের অনেকে। তাঁদের বিবেচনায়, এই সিদ্ধান্ত আন্দোলনের পুরোনো অবস্থানে ফিরে যাওয়ার প্রতিফলন। ডানপন্থী প্রভাবশালী অনলাইন ব্যক্তিত্ব বেনি জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমাদের ঠিক এ ধরনের শক্তিই দরকার।’

তবে নির্বাচনী পরাজয়ের পর ট্রাম্পের নেতৃত্ব নিয়ে সমর্থকদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা মাগা আন্দোলনের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। একসময় যাঁকে আন্দোলনের প্রধান শক্তি মনে করা হতো, এখন তাঁকেই নিয়ে সংশয়ে পড়েছেন সমর্থকদের একটি অংশ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21903 ,   Print Date & Time: Friday, 13 November 2026, 02:19:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh