• হোম > আন্তর্জাতিক | বিদেশ > এক সম্পর্কের জেরে তোলপাড় , একদিনেই ৬৮০ কোটি ডলার হারালেন জেনসেন!

এক সম্পর্কের জেরে তোলপাড় , একদিনেই ৬৮০ কোটি ডলার হারালেন জেনসেন!

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৯:৫২
  • ২২

---

 ইবি আন্তর্জাতিক ডেস্ক 

ব্যক্তিগত সম্পর্ক এবং চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ খবর প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। একদিনের দরপতনে হুয়াংয়ের সম্পদ কমেছে ৬৮০ কোটি মার্কিন ডলার। একই সঙ্গে কমেছে এনভিডিয়ার বাজারমূল্যও।

গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটেই হুয়াংয়ের সম্পদমূল্য ৭৪০ কোটি ডলার পর্যন্ত কমে যায়। পরে শেয়ারের দাম কিছুটা ঘুরে দাঁড়ালে সম্পদের পরিমাণও বাড়ে। দিন শেষে তাঁর মোট সম্পদ দাঁড়ায় ১৫ হাজার ৫৪০ কোটি ডলারে।

শেয়ারমূল্যের পতনের কারণে ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার তালিকায়ও পিছিয়ে পড়েছেন হুয়াং। তালিকার অষ্টম অবস্থান থেকে নেমে তিনি দশম স্থানে চলে গেছেন। ওই দিন এনভিডিয়ার শেয়ারের দাম আগের দিনের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কমেছে। বাজার খোলার আগের লেনদেনে দরপতনের হার ৭ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। তদন্ত শুরুর ঘোষণা আসার পর এটিই ছিল প্রতিষ্ঠানটির প্রথম কার্যদিবস।

এনভিডিয়া মূলত গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ তৈরির জন্য পরিচিত। ১৯৯৩ সালে জেনসেন হুয়াং, ক্রিস মালাকোভস্কি ও কার্টিস প্রিয়াম প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।

এদিকে শেয়ারের দর কমায় এনভিডিয়ার বাজারমূল্য একদিনে ২৬ হাজার কোটি ডলার হ্রাস পেয়েছে। গত শুক্রবার প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল ৪ লাখ ৫০ হাজার কোটি ডলার। সোমবার লেনদেন শেষে তা নেমে দাঁড়ায় ৪ লাখ ২৪ হাজার কোটি ডলারে। বিশ্বের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানি হওয়ার প্রতিযোগিতায় এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী অ্যাপল।

গত রোববার কর্মীদের কাছে পাঠানো এক বিবৃতিতে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি স্বীকার করেন হুয়াং। নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি প্রতিষ্ঠানের তদন্তে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে স্বতন্ত্র পরিচালকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কাজে বাইরের আইনজীবীদেরও নিয়োগ দেওয়া হচ্ছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, এখন পর্যন্ত এমন কোনো তথ্য মেলেনি, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা তাদের গোপন প্রযুক্তিগত তথ্যের সুরক্ষাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

গত মাসের শেষ দিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দাদের ধারণা, চীনা নাগরিক অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অ্যালিস চীনের হয়ে তথ্য সংগ্রহ করেন বলে সন্দেহ করছেন গোয়েন্দারা। পরবর্তী প্রতিবেদনে বলা হয়, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের জন্য তথ্য সংগ্রহ করতে দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা তাঁকে নিয়োগ দিয়েছিল বলে ট্রাম্প প্রশাসনের একটি অভ্যন্তরীণ স্মারকে উল্লেখ রয়েছে।

মার্কিন গোয়েন্দারা প্রায় এক বছর আগে বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছিলেন। তবে তখন তিনি কোনো পদক্ষেপ নেননি বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

অন্যদিকে হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প। গত রোববার রাতে তাঁকে ‘সম্মানিত ব্যক্তি’ বলে উল্লেখ করেন তিনি। নিজের আসন্ন চীন সফরে হুয়াংকে সঙ্গে নেওয়ার পরিকল্পনার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট।

অ্যালিস হুয়াং কে

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, অ্যালিস হুয়াং নিজেকে সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড ও এআই কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠান মেগাস্পিডের প্রধান নির্বাহী হিসেবে পরিচয় দিতেন। তবে প্রতিষ্ঠানটির নথি অনুযায়ী, গত আগস্টে তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

২০২৪ সালের জুনে একটি পানশালায় জেনসেন হুয়াং ও অ্যালিসকে একসঙ্গে দেখা গিয়েছিল। এআই চিপ খাতের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গেও অ্যালিসের যোগাযোগ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে এনভিডিয়ার সুপারকম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান গিগাবাইটের কর্মকর্তারাও রয়েছেন।

২০২৪ সাল থেকে মেগাস্পিডের কার্যক্রম নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। এনভিডিয়ার চিপ চীনে পৌঁছেছিল কি না, তা খতিয়ে দেখছে মার্কিন কর্তৃপক্ষ। ওই বছর মালয়েশিয়ার একটি তথ্যকেন্দ্রে এনভিডিয়ার সরঞ্জাম বাক্সবন্দী অবস্থায় দেখতে পান মার্কিন বাণিজ্য বিভাগের এক কর্মকর্তা। এর পর সরঞ্জামগুলো অন্য দেশে পাঠানোর প্রস্তুতি চলছিল কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়।




This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21896 ,   Print Date & Time: Wednesday, 11 November 2026, 04:17:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh