• হোম > জাতীয় | বাংলাদেশ > ইবি শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা, হলে হাতবোমা নিক্ষেপ

ইবি শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা, হলে হাতবোমা নিক্ষেপ

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৭:৩২
  • ২৪

---

ইবি রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের পর এবার আবাসিক হলের প্রবেশপথেও হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। কয়েক ঘণ্টার ব্যবধানে সংঘটিত পৃথক দুটি ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে পরিচয়পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সোমবার রাত সাড়ে ৯টা থেকে মঙ্গলবার ভোর ৫টার মধ্যে ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায় শিক্ষার্থীদের বাস এবং বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পকেট গেট লক্ষ্য করে এসব বোমা নিক্ষেপ করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘দিগন্ত’ নামের ডাবল ডেকার বাসটি ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করছিল। এ সময় কালো হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীর একজন বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। বোমাটি বাসের সামনের চাকার অংশে আঘাত হানলে নিচে ইঞ্জিনের পাশের অংশে আগুন ধরে যায়।

পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত বাসের গতি বাড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এতে আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসটি বিপদমুক্ত হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় বাসে থাকা কোনো শিক্ষার্থী বা অন্য কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

এর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পকেট গেটের বাইরে থেকে ভেতরে একটি হাতবোমা ছোড়ে দুর্বৃত্তরা। বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ নিরাপত্তা সেলের সদস্যরা দ্রুত সেখানে উপস্থিত হন। বোমাটি বিস্ফোরিত হওয়ার আগেই পানিতে ফেলে নিষ্ক্রিয় করা হয়। ফলে দ্বিতীয় ঘটনাতেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পৃথক দুটি ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের ধারণা, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এসব বোমা নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।

বোমা নিক্ষেপের প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। উভয় সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা বোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদ জানান।

সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহীনুজ্জামান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ দেশব্যাপী অরাজকতা সৃষ্টির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়েও দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। তবে নিরাপত্তা সেলের সদস্যদের প্রচেষ্টায় তাদের ষড়যন্ত্র সফল হয়নি। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

প্রক্টর আরও বলেন, শিক্ষার্থীদের বহনকারী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শৈলকূপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে হাতবোমা নিক্ষেপের ঘটনায় ইবি থানায় জিডি করার প্রস্তুতি চলছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, ঘটনার পর পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21883 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 03:36:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh