![]()
ইবি বিনোদন ডেস্ক
দেশের বিনোদন অঙ্গনে অভিনয়শিল্পীদের কাজের চেয়ে তাঁদের ব্যক্তিগত জীবন, পোশাক কিংবা বিলাসী জীবনযাপন নিয়ে আলোচনা বেশি হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁর মতে, জয়া আহসান, বিপাশা হায়াত, মৌসুমী হামিদসহ অনেক প্রতিভাবান অভিনেত্রী তাঁদের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনোযোগ পাওয়ার যোগ্য হলেও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়ে তুলনামূলক কম আলোচনা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করে এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।
পোস্টের শুরুতেই জয়া আহসানের অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করেন শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি জয়ার পোষা প্রাণী, গাছপালা ও বাগানবাড়ির প্রতি ভালো লাগার কথাও উল্লেখ করেন তিনি। জয়ার ব্যাগ ও ঘড়ির সংগ্রহ নিয়েও মুগ্ধতা প্রকাশ করেন ফারিয়া। তাঁর ভাষায়, যারা ব্যাগ, জুতা ও ঘড়ির সংগ্রহ দেখতে পছন্দ করেন, তাঁরা খেয়াল করলে জয়ার এসব সংগ্রহের বিশেষত্ব বুঝতে পারবেন। এমনকি তাঁর ব্যাগ ও ঘড়ির সংগ্রহ জামদানির সংগ্রহের চেয়েও সুন্দর বলে মন্তব্য করেন অভিনেত্রী।
নিজের অভিনয়জীবনের আগের সময়ের অভিজ্ঞতা তুলে ধরে সানজিদা প্রীতির অভিনয়ের প্রশংসাও করেছেন ফারিয়া। অভিনয়ে আসার আগে তিনি দুটি ধারাবাহিক দেখেছিলেন। এর মধ্যে ‘স্পর্শের বাইরে’ সিরিজে প্রীতির অভিনয় তাঁর ভালো লেগেছিল। পরে নিজের ক্যারিয়ারের শুরুর দিকে ‘কলিং বেল’ সিরিজে দীর্ঘদিন তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়। প্রীতির স্বল্পভাষী স্বভাবের কথাও উল্লেখ করেছেন তিনি। ফারিয়ার ভাষায়, প্রয়োজন ছাড়া তাঁকে কখনো কথা বলতে দেখেননি।
নিজের প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে মৌসুমী হামিদকে বিশেষ পছন্দ করেন শবনম ফারিয়া। মৌসুমীর অভিনয় দেখে নিজেও একইভাবে অভিনয় করতে ইচ্ছা হয় বলে জানিয়েছেন তিনি। তাঁকে পরিশ্রমী অভিনেত্রী উল্লেখ করে ফারিয়া তাঁর অভিনয়দক্ষতার প্রশংসা করেছেন। অভিনয়ের বাইরেও মৌসুমীর প্রাণবন্ত ও হাসিখুশি স্বভাব তাঁর ভালো লাগে বলে জানিয়েছেন।
নাজিয়া হক অর্ষার অভিনয় নিয়েও নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ফারিয়া। তাঁর মতে, অভিনয়ে সংলাপের পাশাপাশি চোখের অভিব্যক্তিও সমানভাবে গুরুত্বপূর্ণ। সুবর্ণা মুস্তাফার পর অর্ষার মধ্যেই এমন বৈশিষ্ট্য দেখেছেন বলে উল্লেখ করেন তিনি।
একটি নাটকে অভিনয়ের সুযোগ পেয়েও শিডিউল জটিলতার কারণে কাজটি করতে পারেননি ফারিয়া। পরে সেই চরিত্রে অভিনয় করেন অর্ষা। নাটকটি দেখার পর ফারিয়ার মনে হয়েছে, চরিত্রটিতে অর্ষা যেভাবে অভিনয় করেছেন, তা তিনি করতে পারতেন না। এ প্রসঙ্গে অর্ষার অভিনয়ের প্রশংসা করে নিজের উপলব্ধির কথাও তুলে ধরেন তিনি।
এ ছাড়া বিপাশা হায়াত, অপি করিম, ইশিতা, তারিন জাহান, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, বিন্দু, রুনা খান ও নাজিফা তুষির অভিনয়দক্ষতার প্রশংসা করেছেন শবনম ফারিয়া। বিন্দুর অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্য, ফিটনেস, পোশাক ও ফ্যাশন সচেতনতার কথাও উল্লেখ করেছেন। ইশিতাকে ছোটবেলা থেকেই নিজের পছন্দের অভিনেত্রী বলে জানিয়েছেন তিনি। অন্য অভিনেত্রীদের কাজের প্রতিও নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন ফারিয়া।
পোস্টের শেষাংশে দেশের বিনোদন অঙ্গনে আলোচনার ধরন নিয়ে হতাশা প্রকাশ করেন এই অভিনেত্রী। তাঁর মতে, ভালো অভিনয় করেন, পরিশীলিত এবং সুন্দরভাবে কথা বলেন—এমন অনেক শিল্পী থাকলেও তাঁদের কাজের পরিবর্তে পোশাকের দাম কিংবা বিদেশে কেনাকাটার বিষয়গুলো বেশি গুরুত্ব পায়।
এ ধরনের আলোচনার সমালোচনা করে শবনম ফারিয়া লিখেছেন, ‘শুধু “জামার দাম লাখ টাকা, দুবাইয়ের অমুক-তমুক করে” ছাড়া আমাদের দেশে সত্যিকারে ভালো অভিনয় করে, সফিস্টিকেটেড, সুন্দর করে কথা বলে—এমন অনেক অভিনেত্রী আছেন। কিন্তু আপনারা (মানুষ ও গণমাধ্যম) আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে। সবাই ভাবে, এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না।’