![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্যে অবস্থিত সামরিক ঘাঁটি থেকে কয়েকটি উড়োজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৯ নভেম্বর) ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) মিলডেনহল ঘাঁটি থেকে বিমানগুলো জার্মানিসহ কয়েকটি স্থানে স্থানান্তর করা হয়। সরিয়ে নেওয়া উড়োজাহাজের তালিকায় দুটি জ্বালানি সরবরাহকারী বিমানও রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানগুলো সরানো হয়েছে। তবে মিলডেনহল ঘাঁটিতে ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ঘাঁটিতে সম্ভাব্য হুমকির প্রকৃতি যাচাই করছেন মার্কিন কর্মকর্তারা। এটি তাৎক্ষণিক কোনো হামলার আশঙ্কা, নাকি বৃহত্তর নিরাপত্তাঝুঁকির অংশ, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে মার্কিন বিমানবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বিভিন্ন কারণে একটি ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সামরিক উড়োজাহাজ স্থানান্তর করা নিয়মিত কার্যক্রমের অন্তর্ভুক্ত। খবর উইয়নের।
এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটি—আরএএফ মিলডেনহল ও আরএএফ লেকেনহিথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ঘাঁটি দুটিতে সতর্কতার মাত্রা বাড়িয়ে এফপিসিওএন চার্লি নির্ধারণ করা হয়েছে। সন্ত্রাসী হামলার বিশ্বাসযোগ্য আশঙ্কা তৈরি হলে অথবা এ ধরনের হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া গেলে সাধারণত এই পর্যায়ের সতর্কতা জারি করা হয়।
এর আগে গত মাসেও ইরান-সমর্থিত হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরিয়ে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়েছিল পেন্টাগন। সে সময় মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল, ড্রোনসহ বিভিন্ন উপায়ে দেশটির সামরিক পাইলট ও উড়োজাহাজ লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা চালালে প্রতিক্রিয়া কেবল মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সোমবার মার্কিন কংগ্রেসের শীর্ষ আট নেতার সমন্বয়ে গঠিত ‘গ্যাং অব এইট’-এর একটি ব্রিফিংয়েও সম্ভাব্য হামলার হুমকি নিয়ে আলোচনা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে দেশটির সেনাসদস্যদের ওপর হামলার আশঙ্কা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সরিয়ে নেওয়ার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।
তবে সামরিক উড়োজাহাজ স্থানান্তরের ঘটনায় নতুন করে ইরানে মার্কিন হামলার সম্ভাবনা বাড়ছে—এমনটা মনে করছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তিনি হামলার আশঙ্কা কম বলে মন্তব্য করেছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনাও এখন বেশ কম বলে মন্তব্য করেন তিনি।