![]()
ইবি রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম সোহেল (৩৬)। তিনি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ব্যক্তিগত গাড়ির চালক। বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার পর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘এফবিএসের (ব্যবসায় শিক্ষা অনুষদ) সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। আহত একজনকে ইতিমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি এখন।’
প্রক্টর জানান, ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে পার্কিং করে রাখা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ব্যক্তিগত গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের সময় গাড়ির ভেতরে চালক সোহেল অবস্থান করছিলেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঘটনার পর দুপুর পৌনে তিনটার দিকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়। পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ ছাত্রদলের নেতাকর্মীদেরও সেখানে অবস্থান করতে দেখা গেছে।
বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি পুলিশ ও প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।