• হোম > আন্তর্জাতিক | বিদেশ > মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে গৃহবন্দীর নির্দেশ আদালতের

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে গৃহবন্দীর নির্দেশ আদালতের

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৬:৫২
  • ১৮

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগার থেকে নিজ বাড়িতে স্থানান্তর করে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। আগের আদেশ বাস্তবায়নে অ্যাটর্নি জেনারেলের আপত্তি খারিজ করে মঙ্গলবার নতুন এই নির্দেশ দেওয়া হয়। এর ফলে কমিয়ে আনা ছয় বছরের অবশিষ্ট কারাদণ্ড বাড়িতে থেকেই ভোগ করতে পারবেন তিনি।

রাষ্ট্রীয় তহবিল ‘১এমডিবি’ থেকে বিপুল অর্থ আত্মসাতের দায়ে ৭৩ বছর বয়সী নাজিব রাজাক বর্তমানে কারাগারে রয়েছেন। গত সেপ্টেম্বরে আদালতের আদেশে শর্তসাপেক্ষে তাকে ক্ষমা করা হয়। ওই আদেশ অনুযায়ী, ১ কোটি ২০ লাখ ডলার জরিমানা পরিশোধ করলে সাজার বাকি সময় নিজ বাড়িতে কাটানোর সুযোগ পাওয়ার কথা ছিল তার।

নাজিবের রাজনৈতিক দল ইউএমএনও গত শুক্রবার জরিমানার পুরো অর্থ পরিশোধ করে। তবে আইনি জটিলতার কথা তুলে ধরে কারাগার থেকে তাকে বাড়িতে স্থানান্তরের প্রক্রিয়ায় বাধা দেন দেশটির অ্যাটর্নি জেনারেল।

এ পরিস্থিতিতে নাজিবের আইনজীবী ও সরকারি কৌঁসুলিদের সঙ্গে বৈঠকের পর নতুন নির্দেশ দেন কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক আসলাম জয়েনুদ্দিন। তিনি বলেন, ‘‘ক্ষমা মঞ্জুরের আদেশ মেনে অভিযুক্ত ব্যক্তিকে তার কমিয়ে আনা ৬ বছরের বাকি সাজা গৃহবন্দী হিসেবেই পূর্ণ করতে হবে।’’

নাজিবের প্রধান আইনজীবী শফি আবদুল্লাহ সাংবাদিকদের জানান, মঙ্গলবার শেষ বিকেলেই তাকে কারাগার থেকে নিজ বাড়িতে নেওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার মালয়েশিয়ার রাজা অভিযোগ করেন, নাজিবকে স্থানান্তরে দেরি করে অ্যাটর্নি জেনারেল রাজকীয় আদেশ অমান্য করছেন। তার বক্তব্য অনুযায়ী, রাজকীয় ক্ষমার আদেশে কোনো অস্পষ্টতা ছিল না।

মালয়েশিয়ায় শত বছরের ঐতিহ্যবাহী ইসলামি রাজপরিবারের নয়টি রাজ্যের শাসকেরা প্রতি পাঁচ বছর পরপর পালাক্রমে দেশ পরিচালনা করেন। দেশটির রাজনীতি ও সমাজে এই ব্যবস্থা স্থিতিশীল ভূমিকা রাখে।

২০২০ সালের জুলাইয়ে ১এমডিবি কেলেঙ্কারির প্রথম মামলায় নাজিবকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে ক্ষমা বোর্ড তার সাজা অর্ধেক কমিয়ে দেয়। তবে একই তহবিল-সংক্রান্ত অন্য একটি মামলায় তার বিরুদ্ধে আরও ১৫ বছরের কারাদণ্ড রয়েছে। এ মামলার রায় নিয়ে বর্তমানে আপিল শুনানি চলছে।

সূত্র: এএফপি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21867 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:05:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh