![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা একটি দেওয়ানি মামলায় তাঁকে এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে তলব করা হয়েছে। ইতোমধ্যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাঁদের কাছে আদালতের সমন পৌঁছে দেওয়া হয়েছে।
ভারতের ওয়ান্টেড তালিকায় থাকা এবং নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন শিখস ফর জাস্টিসের (এসএফজে) শীর্ষ নেতা গুরপতবন্ত সিং পান্নুন এই মামলাটি করেছেন। মামলায় অজিত দোভাল ও সামন্ত গোয়েলকে বিবাদী করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, অজিত দোভাল ‘র’-কে ব্যবহার করে পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। কথিত প্রাণনাশের প্রচেষ্টার ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছেন মামলার বাদী পান্নুন। এটি একটি দেওয়ানি মামলা।
ভারত সরকার কয়েক বছর আগে পান্নুনকে ‘সন্ত্রাসী’ এবং তাঁর সংগঠন শিখস ফর জাস্টিসকে (এসএফজে) ‘বেআইনি সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে। সংগঠনটি ও এর সদস্যরা খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্র ও কানাডায় তাদের তৎপরতা রয়েছে। ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়া এবং ভারতে হামলার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
খালিস্তান আন্দোলনের লক্ষ্য হলো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে ‘খালিস্তান’ নামে একটি শিখ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নব্বইয়ের দশকে আন্দোলনটি স্তিমিত হওয়ার আগে পাঞ্জাবে কয়েক দশক ধরে রক্তক্ষয়ী বিদ্রোহ চলেছিল। এরপর আন্দোলনের বিভিন্ন গোষ্ঠী ও নেতারা বিদেশে, বিশেষ করে কানাডায় আশ্রয় নিয়ে সেখান থেকে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলাটি এমন সময়ে সামনে এসেছে, যখন তাঁকে হত্যার কথিত ষড়যন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) আলাদা একটি মামলা পরিচালনা করছে।
নতুন এই দেওয়ানি মামলাটি মূলত নিখিল গুপ্তা নামের এক ভারতীয় মাদক ও অস্ত্র চোরাকারবারিকে ঘিরে মার্কিন বিচার বিভাগের তদন্ত থেকে উদ্ভূত হয়েছে। ২০২৩ সালে চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তারের পর তাঁকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।
মার্কিন বিচার বিভাগের অভিযোগ, পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্র করেছিলেন নিখিল গুপ্তা। অভিযোগে বলা হয়েছে, বিকাশ যাদব ওই সময় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে যুক্ত ছিলেন। অন্য ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিলে তিনিও এই পরিকল্পনায় অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
চলতি বছরের শুরুর দিকে নিখিল গুপ্তা তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন। চলতি মাসের শেষের দিকে তাঁর সাজা ঘোষণার কথা রয়েছে।
অন্যদিকে, কথিত হত্যার ষড়যন্ত্রের ঘটনায় মার্কিন সরকারের উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখতে ভারত সরকার একটি কমিটি গঠন করেছে। বিকাশ যাদবের বিরুদ্ধেও বর্তমানে ভারতের একটি আদালতে মামলা চলছে। তবে পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলাটিকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।
সূত্র: ফার্স্টপোস্ট