• হোম > জাতীয় | দেশজুড়ে | বিনোদন > অবশেষে বাবার সন্ধান পেলেন অভিনেত্রী মেঘলা মুক্তা

অবশেষে বাবার সন্ধান পেলেন অভিনেত্রী মেঘলা মুক্তা

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৬:৩১
  • ৩৬

---

ইবি বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা মেঘলা মুক্তার নিখোঁজ বাবা মিজানুর রহমান দুলালের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার একটি ক্লিনিকে তাঁর খোঁজ পান পরিবারের সদস্যরা। মেয়ের ফেসবুক পোস্টে প্রকাশিত ছবি দেখে ক্লিনিক কর্তৃপক্ষের এক ব্যক্তির সন্দেহ হলে তিনি ফোন করে পরিবারকে বিষয়টি জানান। পরে স্বজনেরা সেখানে গিয়ে তাঁকে শনাক্ত করেন।

মঙ্গলবার বেলা দুইটার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন মেঘলা মুক্তা। তিনি জানান, উত্তরার ওই ক্লিনিক থেকে তাঁর বাবাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে। সেখানে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে।

বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেঘলা গণমাধ্যমকে বলেন, ‘তিনি কোনো কথা বলছেন না। তাঁর এখন চিকিৎসা প্রয়োজন। তাই আপাতত বাবার চিকিৎসার বাইরে অন্য কিছু ভাবছি না।’

কীভাবে বাবার সন্ধান পাওয়া গেল, সে বিষয়ে অভিনেত্রী জানান, কেউ একজন ফেসবুকে তাঁর দেওয়া ছবি ও পোস্ট দেখেছিলেন। পরে বাবার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে ক্লিনিক থেকে তাঁকে ফোন করা হয়।

মেঘলা বলেন, ‘কেউ একজন ফেসবুকে ছবি ও পোস্ট দেখেছিলেন। এরপর যে ক্লিনিকে বাবা ছিলেন, সেখানকার একজন আমাকে ফোন করে জানান, ফেসবুকে ছবি দেখে মনে হচ্ছে, আপনার বাবা। আপনারা একবার এসে দেখেন। তারপর আমাদের পরিবারের সবাই উত্তরার সেই ক্লিনিকে ছুটে যাই। গিয়ে দেখি, আমার বাবা সেখানে।’

ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে বাবাকে সেখানে নেওয়ার বিষয়ে প্রাথমিক কিছু তথ্য পেয়েছেন মেঘলা। তাঁর ভাষ্য অনুযায়ী, একজন ব্যক্তি তাঁর বাবাকে ক্লিনিকে রেখে গিয়েছিলেন। ওই সময় মিজানুর রহমানের মুখ দিয়ে ফেনার মতো কিছু বের হচ্ছিল।

এ বিষয়ে মেঘলা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের শুধু বললেন, একজন আব্বুকে এখানে এনে রেখে গেছেন। আব্বুকে তাঁরা যখন পেয়েছেন, তখন তাঁর মুখ দিয়ে ফেনার মতো কিছু একটা বের হচ্ছিল। আমরা আসলে আব্বুকে পেয়েছি, এর বাইরে আপাতত আর কিছুই জানতে পারিনি। আব্বু কথা বলা শুরু করলে পুরো ঘটনা জানতে পারব।’

মেঘলা মুক্তার বাবা মিজানুর রহমান দুলাল ঢাকা ওয়াসার প্রথম শ্রেণির একজন ঠিকাদার। দীর্ঘদিন ধরে এই পেশায় যুক্ত তিনি। তাঁর তত্ত্বাবধানে বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ হয়েছে। দুই মাসের বেশি সময় ধরে ঢাকার উত্তরখানে তাঁদের একটি বাড়ির নির্মাণকাজ চলছিল। সেই কাজ দেখাশোনার জন্য প্রতিদিন বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে উত্তরখানে যেতেন তিনি।

গতকাল সোমবারও নির্মাণকাজ শেষে রাত আটটার দিকে বসুন্ধরার বাসার উদ্দেশে রওনা হন মিজানুর রহমান। রাত ৮টা ৫০ মিনিটে মেয়ের সঙ্গে তাঁর শেষবার কথা হয়। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাত গভীর হলেও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন।

উত্তরখান থেকে বসুন্ধরা আসার পথের বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পাশাপাশি হাসপাতালগুলোতেও যোগাযোগ করেন স্বজনেরা। তবে কোথাও তাঁর সন্ধান না পেয়ে উত্তরখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা।

আজ সকাল নয়টার দিকে ওই জিডি নিয়ে উত্তরায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) কার্যালয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে মুঠোফোন নম্বর ট্র্যাক করে তাঁর অবস্থান শনাক্তের চেষ্টা চলছিল। এর মধ্যেই উত্তরার ক্লিনিক থেকে ফোন আসে। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মিজানুর রহমানকে শনাক্ত করেন।

এর আগে বাবার সঙ্গে তোলা তিনটি ছবি ফেসবুকে প্রকাশ করে তাঁর সন্ধান চেয়েছিলেন মেঘলা মুক্তা। পোস্টে বাবার অসুস্থতার কথা জানিয়ে তাঁকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি বাবার নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনাও চান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21856 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:11:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh