• হোম > অর্থনীতি | জাতীয় | ব্যাংক > ৯ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে সরকারের কাছে ২৭০৭ কোটি টাকা চাইল কেন্দ্রীয় ব্যাংক

৯ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে সরকারের কাছে ২৭০৭ কোটি টাকা চাইল কেন্দ্রীয় ব্যাংক

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৬:২৯
  • ২৮

---

ইবি রিপোর্ট

দীর্ঘদিন ধরে আমানত জমা রেখেও অর্থ ফেরত পাচ্ছেন না কয়েকটি সংকটাপন্ন ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা। তাদের অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ বাস্তবায়নে সরকারের কাছে ২ হাজার ৭০৭ কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এ অর্থ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের শতভাগ ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

গত ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এ অর্থ চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ২৭ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে অর্থ চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

যেসব প্রতিষ্ঠানের গ্রাহকদের অর্থ ফেরতের জন্য এই বরাদ্দ চাওয়া হয়েছে, সেগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ও প্রিমিয়ার লিজিং। এসব প্রতিষ্ঠানে অর্থ জমা রেখে দীর্ঘদিন ধরে তা তুলতে পারছেন না আমানতকারীরা।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, নয়টি প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সের আমানতকারীদের অর্থ ফেরত দিতে জরুরি ভিত্তিতে প্রায় দেড় হাজার কোটি টাকা প্রয়োজন। অন্য পাঁচটি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হবে আরও প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। এই উদ্যোগের আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের পুরো অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নয়টি প্রতিষ্ঠানের মধ্যে পিপলস লিজিংয়ের অবসায়ন-সংক্রান্ত মামলা বর্তমানে চলমান। অন্যদিকে ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সকে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক।

অন্যদিকে প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বিআইএফসি ও প্রিমিয়ার লিজিংকে নিজেদের ব্যবসায়িক সক্ষমতা প্রমাণের জন্য তিন মাস সময় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থ চেয়ে চিঠি দিলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। অর্থ বিভাগের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ব্যাংক আর্থিক খাতের মূলধারা। গুরুত্বের দিক থেকে এর পরের অবস্থানে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান। অথচ ব্যাংক খাতের আমানতকারীরা ২ লাখ টাকা ফেরত পাবেন, আর আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা পাবেন ১০ লাখ টাকা করে। তাঁর মতে, এ ধরনের ব্যবধান অন্যায্য।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, রেজোল্যুশন প্রক্রিয়ায় থাকা চার প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দিতে প্রয়োজন ১ হাজার ১৬৭ কোটি টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড ও কর্মচারী কল্যাণ তহবিলের জন্য প্রায় ১৯০ কোটি, ট্রাস্ট ফান্ডের জন্য ৪২ কোটি এবং সমবায় তহবিলের জন্য ৫০ কোটি টাকা প্রয়োজন হবে।

চার প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি অর্থ চাওয়া হয়েছে আভিভা ফাইন্যান্সের জন্য, ৭৪৫ কোটি টাকা। ইন্টারন্যাশনাল লিজিংয়ের জন্য ৫৫০ কোটি, এফএএস ফাইন্যান্সের জন্য ৮৫ কোটি এবং ফারইস্ট ফাইন্যান্সের জন্য ৬৯ কোটি টাকা প্রয়োজন।

রেজোল্যুশন প্রক্রিয়ার বাইরে থাকা পাঁচ প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। এর মধ্যে পিপলস লিজিংয়ের জন্য ৭১২ কোটি টাকা প্রয়োজন হলেও অবসায়ন-সংক্রান্ত মামলা চলমান থাকায় আপাতত প্রতিষ্ঠানটির জন্য অর্থ বরাদ্দ চাওয়া হচ্ছে না। বাকি চার প্রতিষ্ঠানের মধ্যে প্রাইম ফাইন্যান্সের জন্য ৩৭৭ কোটি, জিএসপি ফাইন্যান্সের জন্য ৫৯ কোটি, প্রিমিয়ার লিজিংয়ের জন্য ৫৮ কোটি এবং বিআইএফসির জন্য ৫২ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি, বিনিয়োগকারীদের দুর্দশা ও করণীয় সরকারকে জানিয়েছে। সরকার এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21854 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:05:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh