![]()
ইবি স্পোর্টস ডেস্ক
ইউরোপের অনূর্ধ্ব-২১ বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ‘গোল্ডেন বয়’ জিতেছেন স্পেন ও বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। ২০২৬ সালের এই পুরস্কারের লড়াইয়ে আর্জেন্টিনার দুই উদীয়মান ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে পেছনে ফেলেছেন ১৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।
ইউরোপের ৩০ জন শীর্ষস্থানীয় ক্রীড়া সাংবাদিকের ভোটে নির্ধারিত হয় এবারের বিজয়ী। ভোটাভুটিতে অন্য প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে পুরস্কারটি নিজের করে নেন কুবারসি।
ডিফেন্ডার হিসেবে সর্বশেষ ২০১৮ সালে এই পুরস্কার জিতেছিলেন নেদারল্যান্ডসের ফুটবলার ম্যাথিয়াস ডি লিট। কুবারসির এই অর্জনের মধ্য দিয়ে তরুণ ফুটবলারদের মধ্যে বার্সেলোনার আধিপত্যও অব্যাহত থাকল।
২০২১ সাল থেকে বার্সেলোনার হয়ে পেদ্রি, গাভি ও লামিনে ইয়ামাল ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কুবারসি। স্পেনের ফুটবল ইতিহাসে তাঁর আগে আরও পাঁচজন খেলোয়াড় এই পুরস্কার জিতেছেন। সব মিলিয়ে কুবারসিসহ দেশটির ছয় ফুটবলার এই স্বীকৃতি পেলেন।