![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম তুরস্কের ইজমির শহরের কাছে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৭ শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। কারখানাটিতে বয়লার স্থাপনের কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইজমিরের আলিয়াগা এলাকার হাবাস দেমির চেলিক কারখানায় দুপুরের দিকে বিস্ফোরণটি ঘটে। ক্রেনের সাহায্যে নতুন বয়লার বসানোর সময় সেটি ভেঙে পড়ে। পরে বয়লারের একটি অংশ নিচে থাকা চুল্লির ওপর আছড়ে পড়লে বিস্ফোরণ ঘটে।
প্রথমে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ১৬ জন নিহত হওয়ার তথ্য জানান। তবে পরে স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোলু জানান, হাসপাতালে চিকিৎসাধীন এক আহত শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। ইজমিরের গভর্নর সুলেমান এলবান আশঙ্কা প্রকাশ করেছেন, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন।
কারখানা কর্তৃপক্ষের ভাষ্য, বৈদ্যুতিক চুল্লিতে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেসিডেন্ট এরদোয়ান ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি জানান, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
বিবিসির তুর্কি বিভাগের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইজমিরের আলিয়াগা অঞ্চলটি তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর এলাকা। জাহাজ ভাঙা শিল্পের কেন্দ্র হিসেবেও পরিচিত এলাকাটি।
সূত্র: বিবিসি নিউজ