![]()
ইবি রিপোর্ট
আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির সাবেক বা বর্তমান সব নেতাকর্মীর সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নেই। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এ মন্তব্য করেছেন। তাঁর ভাষ্য, ফৌজদারি মামলা না থাকলে, কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে কেউ অন্য ধরনের সভা-সমাবেশ করতে পারবেন। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করলে তা আইন লঙ্ঘন বলে গণ্য হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লন্ডন থেকে ফিরে আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের নিজ নির্বাচনি এলাকায় সভা করা নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচারাধীন। এর আগ পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা দলটির ব্যানারে কোনো সভা-সমাবেশ বা মিছিল করতে পারবেন না। এ বিষয়টি স্পষ্ট। তবে ব্যক্তিগতভাবে কারও সভা-সমাবেশ করার ক্ষেত্রে ফৌজদারি মামলার অবস্থা, কারাগারে থাকা কিংবা জামিনে থাকার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।’
জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগের কোনো ব্যক্তি যিনি আওয়ামী লীগ করেছেন, দলে ছিলেন, তার নামে যদি কোনো ফৌজদারি অপরাধ না থাকে, তিনি যদি জেলে না গিয়ে থাকেন অথবা তিনি যদি জামিনে থাকেন, তিনি অন্য কোনো ধরনের সভা বা সমাবেশ করতে পারবেন না, তা কিন্তু না।’
ওই সভায় আওয়ামী লীগের ব্যানার ও প্যান্ডেল ছিল বলে সাংবাদিকরা জানালে তিনি বলেন, ‘এটা যদি হয়, এটা অবশ্যই আইন ভঙ্গ হয়েছে এবং আমি নিশ্চিত করছি এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
সাবেক সংসদ সদস্যের লন্ডন থেকে দেশে আসা এবং মামলা থাকলে যাতায়াতে বাধা আছে কি না, এ প্রশ্নও করা হয়। উপদেষ্টা বলেন, ‘তার স্ট্যাটাসটা আমরা জানি না, এটা দেখতে পারতে হবে। মামলা থাকলে একটা মানুষের কিন্তু বিদেশ থেকে আসা-যাওয়ায় কোনো সমস্যা হয় না। একটা মানুষের রিফিউজিটিভ কিনা, মানে উনি ফেরারি কিনা, ওনার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে, উনি সেটা ফলো করেননি কিনা, সেটা হচ্ছে আসলে ইস্যু। তো এগুলো আছে কিনা, এগুলো খুঁটিয়ে দেখার ব্যাপার আছে। আমি নিশ্চিত করতে পারি, এটা নিশ্চিত করে দেখা হচ্ছে।’