• হোম > আন্তর্জাতিক | বিদেশ > ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদে দিল্লি পুলিশের নোটিশ

২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদে দিল্লি পুলিশের নোটিশ

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৬:০৭
  • ২০

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০১৩ সালের একটি মামলার তদন্তে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ। এ জন্য কলকাতার কালীঘাট থানার পুলিশের সহযোগিতায় তাঁর বাসভবনে নোটিশ পৌঁছে দিয়েছেন দিল্লি পুলিশের দুই সদস্য।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাসভবনে এ নোটিশ দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস চক্রবর্তী নোটিশটি গ্রহণ করেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় পাঠানো নোটিশে তদন্তকারী কর্মকর্তাদের মুখোমুখি হওয়ার জন্য নিজের সুবিধাজনক সময় ও স্থান জানাতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, মমতা চাইলে তাঁর বাসভবন, কার্যালয় অথবা সুবিধাজনক অন্য কোনো স্থানে জিজ্ঞাসাবাদে অংশ নিতে পারবেন।

মামলাটির সূত্রপাত ২০১৩ সালের ৯ এপ্রিল। ওই দিন ভারতের তৎকালীন কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের কার্যালয়ের বাইরে বিক্ষোভ চলাকালে পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র হেনস্তা ও নিগ্রহের শিকার হন। ঘটনার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে উপস্থিত ছিলেন।

ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ২০১৩ সালের ২২ এপ্রিল এসএফআইয়ের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ ছয়জনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। পরে পাতিয়ালা হাউস কোর্ট থেকে তাঁরা জামিন পান।

মমতাকে পাঠানো নোটিশ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। তিনি বলেন, নোটিশ এত দিন পর কেন দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে নোটিশ দেওয়ার কারণ নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। একটি মামলার তদন্তের অংশ হিসেবেই দিল্লি পুলিশ এটি পাঠিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিজেপির এই মুখপাত্র আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়সহ ভারতের সব নাগরিকের জন্য আইন সমান হওয়া উচিত। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এত দিন যে রাজনৈতিক দায়মুক্তি পেয়ে এসেছেন, এখন আর তা নেই বলেও মন্তব্য করেন দেবজিৎ সরকার। তাঁর ভাষ্য, নোটিশ অনুযায়ী ব্যবস্থা না নিলে আইনে নির্ধারিত অন্য পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

অন্যদিকে, এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সৌগত রায় প্রশ্ন তুলেছেন, ২০১৩ সালের ঘটনার জন্য নোটিশ পাঠাতে ১৩ বছর সময় লাগল কেন। তিনি অভিযোগ করেন, এর মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজের বিরুদ্ধে ব্যবস্থা এড়াতে তদবির করে থাকতে পারেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে সৌগত রায় বলেন, তাঁরা চান মামলাটির কার্যক্রম এগিয়ে যাক।

সূত্র: প্রথম আলো


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21843 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:29:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh