• হোম > জাতীয় | দেশজুড়ে > ছাত্রধর্মঘটকে ঘিরে টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা হাতে বিক্ষোভ মিছিল

ছাত্রধর্মঘটকে ঘিরে টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা হাতে বিক্ষোভ মিছিল

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৫:৫৬
  • ১৭

---

ইবি রিপোর্ট

দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উত্তেজনা দেখা দিয়েছে। নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে টুঙ্গিপাড়া মোড়ে লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন। তখন লগি-বৈঠা নিয়ে একটি মিছিল বের হয়।

পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। এরপর বিপুলসংখ্যক নেতাকর্মী টুঙ্গিপাড়া মোড় ও আশপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় উত্তেজনা ছিল।

ছাত্রধর্মঘটকে ঘিরে গতকাল সোমবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল ফাটান। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়।

শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, গতকাল রাতে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি জানান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21833 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:11:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh