• হোম > আন্তর্জাতিক | বিদেশ > ইয়েমেনের তাইজে হুথি হামলায় ৭৩ ঘণ্টায় নিহত ৩৩

ইয়েমেনের তাইজে হুথি হামলায় ৭৩ ঘণ্টায় নিহত ৩৩

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৫:৫৩
  • ১৮

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের তাইজ প্রদেশে বেসামরিক নাগরিকদের ওপর ধারাবাহিক হামলা ও গোলাবর্ষণে প্রাণহানির ঘটনা বেড়েছে। মাত্র ৭৩ ঘণ্টার মধ্যে হুথিদের চালানো হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। একই সময়ে আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনায় হামলা, অপহরণ এবং বাড়িঘরে তল্লাশির ঘটনাও ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে ইয়েমেনি নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস। সংস্থাটির হিসাব অনুযায়ী, নির্দিষ্ট এই সময়ের মধ্যে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর মোট ১৩৩টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব ঘটনার মধ্যে আবাসিক এলাকায় ২১৬টি প্রজেক্টাইল নিক্ষেপের বিষয়টিও রয়েছে।

প্রতিবেদনে শুক্রবার আল-ওয়াজিয়া জেলার আল-হাদারা বাজারে সংঘটিত হামলার জন্য হুথিদের দায়ী করেছে সংস্থাটি। ওই ঘটনায় প্রায় ৩০ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া হামলায় ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

তবে বাজারে হামলার দায় নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। হুথিরা এই হামলার জন্য সৌদি বিমান হামলাকে দায়ী করেছে। অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার জন্য হুথিদের অভিযুক্ত করেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মানবাধিকার সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়ে ছয়জন বেসামরিক নাগরিককে অপহরণ করা হয়েছে। পাশাপাশি ১২টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এসব ঘটনার বাইরে বেশ কয়েকটি বেসামরিক যানবাহন ও চিকিৎসাকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

তাইজ প্রদেশে চলমান গোলাবর্ষণের পাশাপাশি মানুষের চলাচলের ওপর বিধিনিষেধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একই সঙ্গে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটের কারণে স্থানীয় বাসিন্দাদের মানবিক দুর্ভোগ বাড়ছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

এ অবস্থায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলার ঘটনাগুলোর নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে ইয়েমেনি নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21831 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:20:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh