• হোম > দেশজুড়ে | বিনোদন > পারশাকে বিয়ে করেছেন, অবশেষে মুখ খুললেন আসাদ নূর

পারশাকে বিয়ে করেছেন, অবশেষে মুখ খুললেন আসাদ নূর

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৫:৩৬
  • ২২

---

ইবি বিনোদন ডেস্ক

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের বিষয়টি অবশেষে স্বীকার করেছেন আলোচিত প্রবাসী ব্লগার আসাদ নূর। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ঘিরে চলা নানা জল্পনার পর মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের খবর নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে বিয়ের বিষয়টি ঘিরে রহস্য ও নাটকীয়তা তৈরির পেছনের কারণও ব্যাখ্যা করেছেন।

লাইভে আসাদ নূর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে যে ব্যক্তিকে পাত্র হিসেবে দেখা গেছে, তিনি নিজেই। এ সময় নিজের বিয়ের পাঞ্জাবি ও পারশার বিয়ের শাড়ি দেখিয়ে তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ের খবর সরাসরি প্রকাশ না করে ধাপে ধাপে রহস্য তৈরির বিষয়ে তিনি জানান, এর পেছনে পরিকল্পিত উদ্দেশ্য ছিল। সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং মানুষের মনস্তত্ত্ব বোঝার লক্ষ্যেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে এমন আয়োজন করা হয়েছিল।

আসাদ নূরের ভাষ্য, গত কয়েক দিন ধরে তাদের বিয়ের ছবি নিয়ে সামাজিক মাধ্যমে যেসব আলোচনা চলছিল, সেগুলোর মধ্যে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সূত্র বা ‘ক্লু’ রাখা হয়েছিল। পাঞ্জাবির নকশা, শাড়ির আঁচল, ছবির পেছনের দৃশ্য এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো বিষয়গুলো নিয়ে নেটিজেনরা অনুসন্ধান শুরু করেন। এমনকি গোয়েন্দারাও এসব সূত্র নিয়ে ধাঁধায় পড়েছিলেন বলে দাবি করেন তিনি।

নিজেদের উদ্ধার করা ‘লম্বকর্ণ’ (মন্টু) নামের একটি মাতৃহীন বিড়ালছানার প্রসঙ্গও তুলে ধরেন আসাদ নূর। তার অভিযোগ, পারশার প্রোফাইলে বিড়ালছানাটির ভিডিও প্রকাশের পরও কিছু মানুষ অশালীন মন্তব্য করেছেন। ব্যক্তিজীবন ও অন্যের বিয়ে নিয়ে অতিরিক্ত আগ্রহ দেখানো মানুষের এমন প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতেই একের পর এক রহস্য তৈরি করা হয়েছিল বলে জানান তিনি।

বিয়ের ছবিতে নিজের মুখ ফুল দিয়ে ঢেকে রাখার কারণও ব্যাখ্যা করেছেন আসাদ নূর। তিনি বলেন, শুরুতেই নিজের পরিচয় প্রকাশ করলে মানুষের মধ্যে এত অনুসন্ধান ও কৌতূহল তৈরি হতো না। পারশা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ হওয়ায় পাত্র কে, তা নিয়ে মানুষের আগ্রহ তৈরি করাই ছিল পরিকল্পনার অংশ।

এমনকি জন্মদিনে পারশার আঁকা একটি ছবিতে শুধু চোখের অংশ দেখা যাওয়ার বিষয়টিও আলোচনায় আসে। নেটিজেনরা ছবিটি খুঁজে বের করার পর তিনি সেটি আড়াল করে দেন। এতে মানুষের মধ্যে আরও বিভ্রান্তি তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসন্ধানকারীদের শার্লক হোমসের সঙ্গে তুলনা করে বিষয়টিকে উপভোগ করেছেন বলেও জানান তিনি।

বিয়ের ছবি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পারশার সঙ্গে বিভিন্ন পুরুষের ছবি তৈরি ও ব্যঙ্গ করার ঘটনাগুলোর সমালোচনা করেন আসাদ নূর। তার দাবি, পুরো আয়োজনের মাধ্যমে পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে জবাব দিতে চেয়েছেন তারা। সাধারণত বিয়ের ক্ষেত্রে নারীদের আড়ালে রাখা বা নিয়ন্ত্রণ করার যে প্রবণতা রয়েছে, তার বিপরীতে তিনি নিজেই মুখ ঢেকে রাখার কৌশল নিয়েছিলেন।

তিনি বলেন, বিয়ের বিষয়টি গোপন রাখার ইচ্ছা থাকলে তারা কোনো ছবি বা তথ্য প্রকাশ করতেন না। বরং বিষয়টি নিয়ে মানুষের প্রতিক্রিয়া দেখাই ছিল তাদের পরিকল্পনার অংশ।

নিজেদের সম্পর্কের বিষয়ে আসাদ নূর বলেন, তারা দুজন ভিন্ন ধরনের মানুষ। কাজ, চিন্তাভাবনা ও অবস্থানে পার্থক্য থাকলেও মনের মিল থাকলে ভৌগোলিক অবস্থান, ভাষা, বর্ণ কিংবা পেশা সম্পর্কের ক্ষেত্রে বাধা হতে পারে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে সমালোচনা, কটূক্তি ও নানা ধরনের অনুসন্ধানের বিষয়েও মন্তব্য করেন তিনি। আসাদ নূরের দাবি, তাদের ঘিরে যত বেশি আক্রোশ ও হুমকি এসেছে, বিষয়টি তত বেশি আলোচনায় এসেছে। বিপুল অর্থ ব্যয় করেও একটি বিয়ের এমন প্রচার তৈরি করা সম্ভব হতো না। মানুষের ব্যক্তিগত কৌতূহল ও বিতর্কের কারণেই বিষয়টি স্বতঃস্ফূর্তভাবে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: দৈনিক ইত্তেফাক


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21827 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:11:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh