![]()
ইবি স্পোর্টস রিপোর্ট
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দায়িত্বে হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বাড়ানো, আধুনিক কোচিং পদ্ধতি বাস্তবায়ন এবং তরুণ খেলোয়াড়দের ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে কাজ করবেন বুলবুল।
আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বুলবুলকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে চায় লাহোর কালান্দার্স। পাশাপাশি বাংলাদেশে নিজেদের ক্রিকেট কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। সেই উদ্যোগের অংশ হিসেবেই তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
খেলোয়াড়ি জীবনের পাশাপাশি ক্রিকেট প্রশাসক হিসেবেও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আমিনুল ইসলামের। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার (এশিয়া) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) কাজ করেছেন। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব সামলেছেন।
জাতীয় দলের হয়ে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত খেলেছেন আমিনুল ইসলাম বুলবুল। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।