![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাব এবং ভবিষ্যতের বিপর্যস্ত ব্রিটেনের চিত্র নিয়ে লেখা উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য ২০২৬ সালের বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। সোমবার (৯ নভেম্বর) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে ৮১ বছর বয়সী এই লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিজয়ী হয়েছেন তিনি।
পুরস্কার হিসেবে হ্যারিসন পেয়েছেন ৫০ হাজার পাউন্ড, যা প্রায় ৬৭ হাজার মার্কিন ডলারের সমান।
এটি হ্যারিসনের ১৩তম উপন্যাস। বইটির গল্পের কেন্দ্রে রয়েছেন ফিলিপ টেনেন্ট এবং স্মৃতিভ্রংশে আক্রান্ত তার খালা মার্নি। নিকট ভবিষ্যতের ইংল্যান্ডের সমুদ্রতীরবর্তী একটি এলাকায় উপন্যাসের ঘটনাপ্রবাহ এগিয়েছে। সেখানে ‘আইগেটি’ নামের রহস্যময় কিছু বস্তুর আবির্ভাব ঘটে। বস্তুগুলো মানুষের আচরণ অনুকরণ করতে পারে। এর মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের সম্পর্কের বিষয়টি উঠে এসেছে।
উপন্যাসটিতে অজানা এক বিপর্যয়ের পর ইউরোপের অদ্ভুত প্রলয়োত্তর পরিস্থিতি তুলে ধরেছেন লেখক। পাশাপাশি ব্রেক্সিট, কোভিড-১৯ মহামারি এবং মানুষের দৈনন্দিন জীবনে প্রযুক্তির বাড়তে থাকা প্রভাবও স্থান পেয়েছে গল্পে।
বুকার পুরস্কারের বিচারক প্যানেলের সভাপতি মেরি বিয়ার্ড বলেন, লেখনশৈলী ও বিষয়বস্তুর ব্যাপকতার কারণে উপন্যাসটি অন্য প্রতিযোগীদের ছাড়িয়ে গেছে। ভবিষ্যতের কাহিনির মধ্য দিয়ে বর্তমান সময়ের রাজনীতি ও সংকট তুলে ধরা হয়েছে বইটিতে।
এবারের প্রতিযোগিতায় মারলন জেমস, ডগলাস স্টুয়ার্ট, এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড ও রেবেকা পেরিসহ পাঁচ লেখককে পেছনে ফেলেছেন হ্যারিসন। মোট ১৬৩টি উপন্যাস থেকে বাছাই করে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছিল ছয়টি বই।
নিজের উপন্যাস সম্পর্কে হ্যারিসন জানান, সমসাময়িক বিভিন্ন ঘটনা থেকেই বইটির বিষয়বস্তু ও ব্যঙ্গের উপাদান নেওয়া হয়েছে। বিশ্বকে বোঝার চেষ্টা যখন একের পর এক সংকটের মুখে পড়ে, তখন মানুষের জীবন কীভাবে এগিয়ে চলে, সেটিই তুলে ধরতে চেয়েছেন তিনি।
১৯৪৫ সালে ইংল্যান্ডের রাগবি শহরে জন্ম নেওয়া হ্যারিসন কল্পবিজ্ঞান সাহিত্যের পরিচিত লেখক। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘ভিরিকোনিয়াম’ উপাখ্যানমালা ও ‘লাইট’।
এবারের বুকার পুরস্কারের বিচারপ্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবও আলোচনায় এসেছে। বিচারক মেরি বিয়ার্ড বলেন, ভবিষ্যতে প্রকাশনা ও লেখালেখিতে এআইয়ের ভূমিকা নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
এর আগে ২০২৫ সালে ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার জিতেছিলেন ব্রিটিশ-হাঙ্গেরীয় লেখক ডেভিড সালাই।
সূত্র: বিবিসি ও এএফপি