![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হওয়া দুই দিনের এই সংলাপে নিরাপত্তা নিশ্চয়তা ও সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়গুলো প্রাধান্য পাবে। চলতি বছরের ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে এ ধরনের বৈঠক।
বছরের শুরুতে কয়েক দফা আলোচনার পর নতুন এই উদ্যোগকে যুদ্ধ বন্ধের আরেকটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনি এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করছেন। তাদের লক্ষ্য দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা।
কুশনারের ভাষ্য অনুযায়ী, এই আলোচনার মধ্য দিয়ে একটি সার্বভৌম, নিরাপদ ও সমৃদ্ধ ইউক্রেন গড়ে তোলার পরিবেশ তৈরি হতে পারে। একই সঙ্গে তা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে আরও স্থিতিশীল করতে সহায়তা করবে।
ভূখণ্ড ও নিরাপত্তা নিয়ে মতবিরোধ
যুদ্ধ বন্ধে সম্ভাব্য চুক্তির শর্ত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, ইউক্রেনকে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন—এই চার অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। ২০২২ সালের সেপ্টেম্বরে অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ ঘোষণা করলেও এখন পর্যন্ত সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি মস্কো।
এ ছাড়া ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা বন্ধ, সামরিক সক্ষমতার ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ এবং দেশটিতে রুশ ভাষা ও মস্কোপন্থী অর্থোডক্স চার্চের ওপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি জানিয়েছেন পুতিন।
এসব শর্তের ভিত্তিতে পূর্ণাঙ্গ শান্তি চুক্তি চান রুশ প্রেসিডেন্ট। তবে তিনি সরাসরি যুদ্ধবিরতিতে রাজি নন। তার মতে, যুদ্ধবিরতি হলে ইউক্রেনীয় সেনারা বিশ্রাম নেওয়ার পাশাপাশি অস্ত্রের মজুত বাড়ানোর সুযোগ পাবে। শান্তির শর্ত মেনে নেওয়া না হলে শক্তি প্রয়োগ করে লক্ষ্য অর্জনেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চার অঞ্চল ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইউক্রেনের সামরিক শক্তি সীমিত করার বিষয়েও সম্মতি নেই তার।
পশ্চিমা অংশীদারদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা সহযোগিতায় মস্কোর বিধিনিষেধ আরোপের দাবিও নাকচ করেছেন জেলেনস্কি। কিয়েভের মতে, রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন ঠেকাতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সমঝোতা প্রয়োজন। এ কারণে বৃহত্তর শান্তি চুক্তির আগে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার পক্ষে ইউক্রেন। পাশাপাশি পুতিন ও জেলেনস্কির সরাসরি বৈঠককে আঞ্চলিক বিরোধ সমাধানের একমাত্র উপায় হিসেবে দেখছে দেশটি।
অভিজ্ঞ আলোচকদের নিয়ে দুই দেশের প্রতিনিধি দল
আবুধাবির বৈঠকে দুই দেশের পক্ষ থেকেই আগের আলোচনায় অংশ নেওয়া জ্যেষ্ঠ কর্মকর্তাদের রাখা হয়েছে।
রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি। ২০২২ সালের মার্চে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে প্রথম সরাসরি শান্তি আলোচনার সময় থেকেই তিনি রুশ দলের নেতৃত্ব দিয়ে আসছেন।
রুশ প্রতিনিধি দলে আরও রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও মিখাইল গালুজিন, সামরিক গোয়েন্দা প্রধান ইগর কোস্তিউকভ এবং জেনারেল স্টাফের অপারেশনাল বিভাগের উপপ্রধান ইউরি ঝিগারলভস্কি।
অন্যদিকে, ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান রুস্তেম উমেরভ। এর আগে অনুষ্ঠিত আলোচনাগুলোতেও অংশ নিয়েছিলেন তিনি।
এ ছাড়া ইউক্রেনের প্রতিনিধি দলে রয়েছেন জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানভ, তার ডেপুটি সের্গেই কিসলিতসিয়া এবং ক্ষমতাসীন দল সার্ভেন্ট অব দ্য পিপলের পার্লামেন্টারি অংশের নেতা দাভিদ আরাখামিয়া।
সূত্র: এপি