![]()
ইবি রিপোর্ট
চট্টগ্রাম নগরের পৃথক দুই এলাকায় আবারও দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরের মধ্যে ঘটনা দুটি ঘটে। আগুন দেওয়ার সময় বাস দুটিতে কোনো যাত্রী বা চালক ছিলেন না।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর মঙ্গলবার ভোর ৫টার দিকে নগরের সাগরিকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নেভান। ক্ষতিগ্রস্ত দুটি বাসই নিহাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের।
সাগরিকা এলাকার ঘটনাটি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার। তিনি জানান, পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুন দেওয়ার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউ মনসুরাবাদের ঘটনাস্থল পাহাড়তলী থানার আওতাধীন নয় বলে জানান ওসি নুরুল আবছার। তাঁর ভাষ্য, এলাকাটি আকবর শাহ থানার অধীন। তবে আকবর শাহ থানার ওসি মো. নাজের হোসেন দাবি করেছেন, তাঁর থানা এলাকায় কোনো বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি।
এর আগে রোববার রাতে নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই রাতে নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণও হয়। নগরের বিভিন্ন এলাকায় এমন ধারাবাহিক ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।