• হোম > অর্থনীতি | আন্তর্জাতিক | জাতীয় > ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশায় প্রায় ৬ শতাংশ কমল তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশায় প্রায় ৬ শতাংশ কমল তেলের দাম

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৫:১৬
  • ১৫

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ অবসানে কূটনৈতিক আলোচনার নতুন আশা তৈরি হয়েছে। এর জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় ৬ শতাংশ কমেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) এএফপির বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এএফপি জানিয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম পাঁচ দশমিক নয় শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৫৭ ডলারে নেমেছে। মার্কিন ডব্লিউটিআই ক্রুড ৪ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৬ দশমিক ৮৫ ডলারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন হামলার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেন। এরপরই দাম কমে। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা চুক্তির আশা জোরালো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জ্বালানির দাম কমায় মার্কিন শেয়ারবাজার গত সপ্তাহের বড় ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে। এস অ্যান্ড পি ৫০০ সূচক ২ দশমিক ৩৫ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

স্লেটস্টোন ওয়েলথের প্রধান বাজার কৌশলবিদ কেন পোলকারি রয়টার্সকে বলেন, ‘তেলের দাম যদি কমে যায়, তবে তা অবশ্যই বাজারে নতুন গতি জোগাবে।’

এই চাঙ্গা ভাব ইউরোপের বাজারেও ছড়িয়েছে। লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১ শতাংশ, প্যারিসের সিএসি ৪০ সূচক ১ দশমিক ২ শতাংশ এবং ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

সূত্র: আল জাজিরা


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21813 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:11:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh