• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > আগামী মাসে মেয়াদ শেষ, ২ হাজার ৮০০ কোটি টাকা পরিশোধ নিয়ে সংকটে আইসিবি

আগামী মাসে মেয়াদ শেষ, ২ হাজার ৮০০ কোটি টাকা পরিশোধ নিয়ে সংকটে আইসিবি

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৫:১২
  • ১৭

---

ইবি রিপোর্ট

আগামী মাসে বেক্সিমকোর পাঁচ বছর মেয়াদি ইসলামিক বিনিয়োগ বন্ড গ্রিন সুকুকের মেয়াদ শেষ হচ্ছে। বন্ডের ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বকেয়া ২ হাজার ৮০০ কোটি টাকা পরিশোধ নিয়ে জটিল পরিস্থিতিতে পড়েছে।

সরকারি-বেসরকারি মিলিয়ে ২২টি ব্যাংক ও তাদের কয়েকটি সহযোগী প্রতিষ্ঠান এই বন্ডে বিনিয়োগ করেছে। সময়মতো অর্থ পরিশোধ না হলে সংকট খেলাপিতে রূপ নিতে পারে। তখন আর্থিক খাতে খেলাপি বিনিয়োগ আরও বাড়ার আশঙ্কা আছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকো। ২০২১ সালে দেশের বেসরকারি খাতের প্রথম শরিয়াহভিত্তিক বন্ড গ্রিন সুকুক ছেড়ে পুঁজিবাজার থেকে তারা ৩ হাজার কোটি টাকা তোলে। এর প্রায় ২০০ কোটি টাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ারে রূপান্তর করা হয়েছে। তাই বকেয়া আছে ২ হাজার ৮০০ কোটি টাকা। আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে সুকুকধারীদের তা শোধ করার কথা।

ট্রাস্টি হিসেবে আইসিবি এখন তিনটি জটিল চ্যালেঞ্জের মুখে। মেয়াদ শেষের মধ্যে পুরো অর্থ আদায় হবে কি না, তা অনিশ্চিত। বেক্সিমকোকে খেলাপি ঘোষণার আইনি ভিত্তিও আইসিবির হাতে নেই। কারণ তিস্তা সোলার প্রজেক্ট থেকে আসা অর্থপ্রবাহে এখনো নিয়মিত মুনাফা শোধ হচ্ছে।

২০২৩ সালে উৎপাদনে যাওয়ার পর এই সৌরকেন্দ্র সরকারের কাছে নবায়নযোগ্য বিদ্যুৎ বেচে প্রায় ২ হাজার কোটি টাকা আয় করেছে। এর মধ্যে বিনিয়োগকারীদের সুদ হিসেবে দেওয়া হয়েছে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা। আনুষ্ঠানিকভাবে খেলাপি ঘোষণা ছাড়া মেয়াদপূর্তির আগে জামানতের সম্পদ বিক্রিসহ কোনো আদায় প্রক্রিয়া শুরুর আইনি সুযোগ আইসিবির নেই।

গত ১১ অক্টোবর পরিস্থিতি মূল্যায়ন ও কর্মপরিকল্পনা ঠিক করতে বৈঠকে বসে স্পেশাল পারপাস ভেহিকলের (এসপিভি) পরিচালনা পর্ষদ। বেক্সিমকো সুকুক তদারকির জন্য আইসিবির অধীনে এই প্রতিষ্ঠান গঠন করা হয়েছিল। টিবিএসের হাতে আসা কার্যবিবরণী অনুযায়ী, পর্ষদ তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে: মূল ও কৌশলগত বিনিয়োগকারীদের প্রস্তাব মূল্যায়ন, সম্পদ বিক্রি ও পুনঃঅর্থায়নের বিকল্প খতিয়ে দেখা এবং আইনি জটিলতা মিটিয়ে বন্ড পুনর্গঠনের জন্য নথিপত্র সংশোধন। নাম প্রকাশ না করার শর্তে পর্ষদের এক সদস্যও স্বীকার করেছেন, পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে।

খেলাপি হওয়া ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের একটি উচ্চপর্যায়ের কমিটির সুপারিশে গত জুনে আইসিবি সুকুকের মেয়াদ ছয় বছর বাড়াতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এখনো জবাব দেয়নি। সংস্থাটি কেন্দ্রীয় ব্যাংকের ওই কমিটির আনুষ্ঠানিক অনাপত্তিপত্র (এনওসি) জমা দিতে বলেছে।

পর্ষদের ওই সদস্য টিবিএসকে বলেন, ‘আমরা সম্ভাব্য সব ধরনের সমাধান নিয়ে আলোচনা করেছি। দেশের সবচেয়ে বড় ইসলামি সুকুক বন্ড যাতে খেলাপি না হয়, সেজন্য নতুন পথ খোঁজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এরইমধ্যে আগ্রহী ক্রেতাদের পক্ষে একটি বিদেশি প্রতিষ্ঠান ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি পরামর্শক প্রতিষ্ঠান সুকুকের অর্থায়নে নির্মিত তিস্তা সোলার প্রজেক্টে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আমরা এসব প্রস্তাব মূল্যায়ন করেছি। তবে কীভাবে সামনে এগোনো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

আইসিবির ট্রাস্টি বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মেয়াদ বাড়াতে ব্যর্থ হলে পুরো খাত তীব্র প্রাতিষ্ঠানিক সংকটে পড়বে। এই বন্ডে বিনিয়োগ থাকা দুই ডজনের বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বড় অঙ্কের প্রভিশনিং ঘাটতির বোঝা টানতে হবে। এতে মুনাফা কমবে, মূলধন সক্ষমতা দুর্বল হবে এবং ব্যাংকিং ব্যবস্থায় ঝুঁকি তৈরি হবে।

তিনি আরও বলেন, ‘ব্যালেন্স শিটের ওপর চাপের পাশাপাশি বন্ডের মেয়াদ বাড়ানো না হলে বিনিয়োগকারীদের মামলার কারণে আইনি অচলাবস্থা তৈরি হতে পারে। এছাড়া পরিচালন তহবিলের ঘাটতির কারণে তিস্তা সোলার প্রজেক্টের বিদ্যুৎ উৎপাদন ঝুঁকিতে পড়বে এবং দেশের পুঁজিবাজার ও ট্রাস্টি কাঠামোর ওপর বিনিয়োগকারীদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

চড়া ট্যারিফে আকৃষ্ট বিদেশি বিনিয়োগকারী

ট্রাস্টি সূত্র জানায়, জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগের কোম্পানি রিভাইভাল গ্লোবাল লিমিটেড ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিনিয়োগ ও পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডসাম ক্যাপিটাল ম্যানেজমেন্ট এলএলসি বেক্সিমকো গ্রিন সুকুকে আগ্রহ দেখিয়েছে। ২০ বছর মেয়াদি চুক্তির আওতায় তিস্তা সোলার অন্য সৌরপ্রকল্পের চেয়ে অনেক বেশি দরে বিদ্যুৎ বেচে। কেন্দ্রটির মাসিক আয় ৫০ কোটি টাকা, যা বিদেশি বিনিয়োগকারীদের কাছে একে আকর্ষণীয় করেছে।

সুকুক ছাড়ার সময়ের তথ্য বিবরণী অনুযায়ী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ০.১৫ ডলার দেয়। টিবিএসের আগের প্রতিবেদন অনুযায়ী, অন্য সৌরপ্রকল্পে বিপিডিবি এর চেয়ে অনেক কম ট্যারিফের প্রস্তাব পেয়েছে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বিভিন্ন দরপত্রে গড় প্রস্তাবিত দর প্রতি কিলোওয়াট-ঘণ্টা ৮.২৭ সেন্ট। এটি সৌরবিদ্যুৎ উৎপাদনের বর্তমান গড় খরচ ১৩.২৯ সেন্টের চেয়ে ৩৭.৭৭ শতাংশ কম। বিগত সরকারের আমলের আনসলিসিটেড সৌরপ্রকল্পের চুক্তির তুলনায় নতুন ট্যারিফে খরচ কমেছে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত।

রিভাইভাল গ্লোবাল ও অ্যাডসাম ক্যাপিটাল

বেক্সিমকোর আর্থিক দুরবস্থা, করতোয়া সোলার প্রজেক্টে তহবিলের ঘাটতি ও সুকুকধারীদের তারল্য উদ্বেগের কথা তুলে অক্টোবরে বেক্সিমকো গ্রিন সুকুক আল-ইসতিসনায় বিনিয়োগের প্রাথমিক আগ্রহ জানায় রিভাইভাল গ্লোবাল। টিবিএসের হাতে আসা চিঠিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘বেক্সিমকো গ্রিন-সুকুকে বিনিয়োগের জন্য আমাদের প্রস্তাবটি কৌশলগতভাবে অত্যন্ত সময়োপযোগী।’ তাদের মতে, ২০২৬ সালের ডিসেম্বরে চূড়ান্ত মেয়াদপূর্তির আগে এই পদক্ষেপ ট্রাস্টকে স্থিতিশীল করতে পারে। এটি তাৎক্ষণিক তারল্য সংকট মেটাবে এবং প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সহায়তা করবে।

চিঠিতে আরও বলা হয়েছে, এ বিনিয়োগে করতোয়া সোলার প্রজেক্টের কাজ শেষ করার তহবিল জোগানো যাবে। এতে উত্তরাঞ্চলের বিদ্যুতের চাহিদা মেটাতে সাহায্য হবে। সুকুকের বিপরীতে থাকা সম্পদ ও সৌরপ্রকল্পের ভবিষ্যৎ আয়ের বিপরীতে সুরক্ষিত থাকার শর্তে যেকোনো পুনর্গঠনে অংশ নিতে আগ্রহী রিভাইভাল গ্লোবাল।

এর আগে গত আগস্টে অ্যাডসাম ক্যাপিটাল আইসিবির কাছে বেক্সিমকো গ্রুপে, বিশেষ করে তিস্তা সোলার লিমিটেডে, বিনিয়োগ ও অধিগ্রহণের সুযোগ খুঁজতে আগ্রহ জানায়। প্রতিষ্ঠানটি জানায়, সংযুক্ত আরব আমিরাতের এক শীর্ষস্থানীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আনুষ্ঠানিকভাবে এই আগ্রহ জানিয়েছে। ওই বিনিয়োগকারীর বিপুল আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক বিনিয়োগের অভিজ্ঞতা আছে। যাচাই-বাছাই ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও লেনদেনের সম্ভাবনা দেখতে অ্যাডসামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাব পেয়ে আইসিবি বিএসইসির কাছে দিকনির্দেশনা চায়। কমিশন নিয়মকানুন ও গোপনীয়তা বজায় রেখে এবং সুকুকধারী ও অন্য পক্ষের অনুমোদন সাপেক্ষে অ্যাডসামের সঙ্গে আলোচনার পথ সুগম করার নির্দেশ দেয়। পরে আইসিবি অ্যাডসামের সঙ্গে সরাসরি বৈঠক করলেও দৃশ্যমান কোনো ফল আসেনি।

অ্যাডসামের সঙ্গে আলোচনায় বেক্সিমকোর আপত্তি

গাইবান্ধার ২০০ মেগাওয়াট ক্ষমতার তিস্তা সোলার অধিগ্রহণে অ্যাডসামের প্রস্তাবের বিরোধিতা করেছে বেক্সিমকো। প্রতিষ্ঠানটি সতর্ক করেছে, এমন আলোচনা বা গোপনীয়তা চুক্তি (এনডিএ) তাদের স্বার্থ ও সুকুকের বিদ্যমান কাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বেক্সিমকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী স্বাক্ষরিত আট পৃষ্ঠার চিঠিতে আইসিবিকে অ্যাডসামের সঙ্গে আলোচনায় না বসতে এবং এনডিএ সই না করতে আহ্বান জানানো হয়েছে। চিঠিতে সুকুকের মেয়াদ বাড়ানোর চলমান প্রচেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক গঠিত কমিটির কার্যক্রমের কথাও উল্লেখ করা হয়েছে। বেক্সিমকোর মতে, এ ধরনের আলোচনা মূল উদ্যোক্তা প্রতিষ্ঠান (অরিজিনেটর), তিস্তা সোলার, করতোয়া সোলার ও সুকুকের সামগ্রিক কাঠামোর জন্য ক্ষতিকর।

বেক্সিমকোর বর্তমান অবস্থা

২০২১ সালে দেশের প্রথম সম্পদনির্ভর ও শরিয়াহভিত্তিক করপোরেট গ্রিন সুকুক ছেড়ে বেক্সিমকো ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করে। প্রাইভেট প্লেসমেন্টে বিভিন্ন ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠান ২ হাজার ৪৩৯ কোটি টাকা বিনিয়োগ করে। পাবলিক অফারিংয়ে ওঠে ৫৫৮ কোটি টাকা।

তিস্তা সোলার প্ল্যান্টে মূল বরাদ্দ ছিল ১ হাজার ৮৮৬.৮৩ কোটি টাকা, ব্যয় হয়েছে ২ হাজার ১৫৫ কোটি টাকা। করতোয়া সোলার প্রজেক্টে ৩০৮.৩১ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ৩৯ কোটি টাকা। টেক্সটাইল খাতের সম্প্রসারণে ব্যবহার হয়েছে ৮০৬ কোটি টাকা।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিল্পগোষ্ঠীটি বড় বিপর্যয়ে পড়ে। একাধিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কে গ্রুপের প্রায় এক ডজন কারখানা বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান একাধিক মামলায় কারাগারে আছেন। ফলে গ্রুপটি তীব্র তারল্য সংকটে।

৩০ মেগাওয়াট সক্ষমতার সৌরকেন্দ্র হিসেবে পরিকল্পিত করতোয়া প্ল্যান্ট এখনো উৎপাদনে যেতে পারেনি। ২০২৪ সালের আগস্টের অস্থিরতায় অগ্নিকাণ্ডে এর ট্রান্সফরমার ও সাইট অফিস ক্ষতিগ্রস্ত হওয়ায় বাস্তবায়ন আরও পিছিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21809 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:11:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh