• হোম > আন্তর্জাতিক | বিদেশ > ইউক্রেন যুদ্ধে প্রায় চার লাখ রুশ সেনা নিহতের তথ্য ফাঁস

ইউক্রেন যুদ্ধে প্রায় চার লাখ রুশ সেনা নিহতের তথ্য ফাঁস

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৫:১১
  • ২৯

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর পর থেকে প্রায় চার লাখ রুশ সেনা নিহত হয়েছেন। দেশটির পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাটের গোপন নথি বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। এক কোটি ১০ লাখের বেশি মৃত্যু সনদ পর্যালোচনার ভিত্তিতে উঠে এসেছে এই হিসাব। একই সময়ে ইউক্রেনের অন্তত ৫৫ হাজার সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বেলারুশের বিরোধী দলীয় হ্যাকার গ্রুপ সাইবার পারটিসানস এবং ইউক্রেনের হ্যাকার সংগঠন সাইলেন্ট ক্রো রোসস্ট্যাটের ডাটাবেস থেকে এসব নথি উদ্ধার করে। পরে সেগুলো একটি ছোট সংবাদমাধ্যমের গোষ্ঠীর সঙ্গে ভাগ করে নেয় তারা।

নথি অনুযায়ী, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্টের শেষ পর্যন্ত তিন লাখ ৯২ হাজার ৭০০টি মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে সরাসরি যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে। এসব নথিতে ‘সামরিক অভিযান’, ‘গোলাবর্ষণ’ ও ‘ড্রোন’ শব্দ ব্যবহার করা হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরে সামরিক হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ না করার নীতি অনুসরণ করছেন। ২০১৫ সাল থেকেই শান্তিকালীন বিশেষ অভিযানে সামরিক ক্ষয়ক্ষতির তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে ঘোষণা করা হয়। ইউক্রেনে আক্রমণের প্রথম কয়েক মাসের পর থেকে এ বিষয়ে কোনো সরকারি পরিসংখ্যানও প্রকাশ করেনি মস্কো।

তবে উদ্ধার হওয়া নথির হিসাব প্রকৃত প্রাণহানির তুলনায় কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধক্ষেত্রে নিহতদের সঠিক সংখ্যা নির্ধারণ কঠিন। অনেক সেনা এখনো নিখোঁজ, কারও মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। আবার অনেকে আহত হওয়ার কয়েক মাস পর মারা গেছেন।

সাইলেন্ট ক্রোর নিজস্ব হিসাব অনুযায়ী, অ-যুদ্ধজনিত মৃত্যুসহ রুশ সেনাদের প্রাণহানির সংখ্যা প্রায় সাড়ে চার লাখ হতে পারে। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও রোসস্ট্যাট কোনো সাড়া দেয়নি।

যুদ্ধের শুরু থেকেই রাশিয়া বিভিন্ন পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখায় নতুন নথিগুলো দেশটির সামরিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছে। বিশেষ করে পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়া এবং কিয়েভের প্রতিরোধের কারণে যুদ্ধের শুরুর সময়ের তুলনায় পরবর্তী সময়ে প্রাণহানি বেড়েছে বলে এতে দেখা যায়।

ইউক্রেন ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, শুধু অক্টোবর মাসেই রাশিয়া ৫৪ হাজার সৈন্য হারিয়েছে। নিহত ও গুরুতর আহত সেনাদের মিলিয়ে এই হিসাব করা হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ফেব্রুয়ারিতে ফরাসি গণমাধ্যমকে জানিয়েছিলেন, যুদ্ধে তাদের অন্তত ৫৫ হাজার সেনা নিহত হয়েছেন। এ ছাড়া অনেক সেনা নিখোঁজ রয়েছেন।

যুদ্ধক্ষেত্রে বড় ধরনের সাফল্য না পাওয়ায় রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর ও অবকাঠামোতে ভারী বোমাবর্ষণ চালাচ্ছে। একই সঙ্গে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ইউক্রেনকে আরও ভূখণ্ড ছেড়ে দিতে রাজি করাতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে ক্রেমলিন। সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠকে বসার কথা রয়েছে।

গত ১ নভেম্বর সাইবার পারটিসানস ও সাইলেন্ট ক্রো জানায়, তারা রোসস্ট্যাটের অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করে ২৫ হাজার কম্পিউটারের নিয়ন্ত্রণ নেয় এবং ২৩ টেরাবাইট তথ্য সংগ্রহ করে।

এর কয়েক দিন পর রোসস্ট্যাট জানায়, ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে তাদের সিস্টেমে সাইবার হামলা হয়েছিল। তবে সংস্থাটি কোনো তথ্য ফাঁসের ঘটনা অস্বীকার করে।

রুশ সামরিক বাহিনীর সঙ্গে পরিচিত কয়েকটি সূত্র চার লাখ সেনা নিহতের হিসাবকে বাস্তবসম্মত বলে জানিয়েছে। এদিকে স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়া জোনা ও বিবিসি রাশিয়ান সার্ভিসের যৌথ ট্র্যাকিং প্রকল্পে এখন পর্যন্ত ২৮ হাজার ৮৮১ জন নিহত সেনার নাম শনাক্ত করা হয়েছে।

অন্যদিকে, মিডিয়া জোনা ও মেদুজার যৌথ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত রুশ সেনাদের নিহতের সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন লাখ। তবে ইউক্রেনের জেনারেল স্টাফের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ১৬ লাখ সৈন্য নিহত অথবা গুরুতর আহত হয়েছেন।

সূত্র: দ্য জাপান টাইমস


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21807 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:20:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh